কলকাতায় আসছেন না গায়িকা সুনিধি চৌহান। তাঁর 'আই অ্যাম হোম' ইন্ডিয়া ট্যুরের শেষ কনসার্টটি স্থগিত করার ঘোষণা করেছেন। আগামী ১৪ মার্চ কলকাতায় এই শো-টি হওয়ার কথা থাকলেও গায়িকার অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত গত কয়েকদিন ধরেই সুনিধির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় মঞ্চে গান গাইতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে কাঁদছেন। গলার অবস্থা ভীষণ খারাপ থাকা সত্ত্বেও দর্শককে নিরাশ না করতে তিনি গান গেয়ে যাচ্ছিলেন এবং সেই অবস্থার জন্য অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন।

গত বৃহস্পতিবার, ১২ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে সুনিধি জানান যে, তিনি বর্তমানে মারাত্মক গলার সংক্রমণে ভুগছেন এবং চিকিৎসকরা তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই অনুরাগীদের কথা মাথায় রেখে আগামী ১৪ মার্চের অনুষ্ঠানটি পিছিয়ে এখন ২৫ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে, যাতে সুস্থ হয়ে তিনি পারফর্ম করতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে সুনিধি লিখেছেন, 'আমাদের 'আই অ্যাম হোম' ইন্ডিয়া ট্যুর সারা দেশে যে অবিশ্বাস্য ভালবাসা ও আশীর্বাদ পাচ্ছি, তাতে আমি আপ্লুত। এই সিদ্ধান্তের পিছনে একমাত্র কারণ হল—আমি চাই আপনাদের প্রত্যেকে যেন কনসার্টটি ঠিক সেভাবেই উপভোগ করতে পারেন, যেমনটা হওয়ার কথা ছিল!"


প্রসঙ্গত, এর আগে লখনউতে একটি কনসার্ট চলাকালীন গায়িকা সুনিধি চৌহান আবেগপ্রবণ হয়ে পড়েন। গলার সমস্যার কারণে গান গাইতে অসুবিধায় পড়তে হয় গায়িকাকে৷ দর্শকের কাছে ক্ষমাও চেয়েছেন গায়িকা৷ ঘটনাটি ঘটে ৭ মার্চ লখনউয়ের কুলব্রিজ রিসর্টে।

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল সুনিধির সেই বক্তব্য, যেখানে তিনি তাঁর গলার বেহাল অবস্থার কথা জানাচ্ছেন শ্রোতাদের৷ গলার কথা বলতে বলতে কেঁদে ফেলেন সুনিধি৷

এদিন সুনিধির পরনে ছিল ঝলমলে জাম্পস্যুট৷ ৪২ বছর বয়সী গায়িকা মঞ্চে চোখের জল মুছে শ্রোতা- দর্শকদের বললেন, "আমার গলা আজ খুব খারাপ হয়ে রয়েছে৷ কিন্তু আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন৷ হে ভগবান, এই ঘটনা আমার সঙ্গে কখনও ঘটেনি৷" 

অনুষ্ঠান করার জন্য মঞ্চে উঠেও গান গাইতে না পারার ঘটনাকে সুনিধি "লজ্জাজনক" বলে ব্যাখ্যা করেছেন৷ এবং সেই সঙ্গে বলেছেন, "আমি খুবই দুঃখিত। আমি সবসময় আমার ১০০% দিতে চাই।"
তিনি আরও বলেন, "কিন্তু দুর্ভাগ্যবশত, আমি চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি এইভাবেই অনুষ্ঠান করব৷ তাই দয়া করে আজ আমাকে ক্ষমা করে দিন। আপনাদের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।"