বাণী-অনিরুদ্ধর জীবন যেন কিছুতেই ছন্দে ফিরছে না। এবার বিরাট মোড় আসছে স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া'য়। এখন মেগায় দেখা যাচ্ছে ক'দিন ধরেই বাণীর মেয়ে তানিয়া অনিরুদ্ধকে দেখে ভয় পাচ্ছে। অথচ, অনিরুদ্ধকে সে নিজের সবচেয়ে ভাল বন্ধু হিসেবে দেখতো। এমনকী বাণীর সঙ্গে অনিরুদ্ধর বিয়ে সেই-ই জোর করে দেয়। কিন্তু এখন কী এমন হল, যে অনিরুদ্ধকে দেখেই তানিয়া ভয় পাচ্ছে? 

সেই উত্তর এখনও না মিললেও আঁচ পাচ্ছেন দর্শক। তানিয়ার আসল বাবা ইচ্ছেকৃতভাবে অনিরুদ্ধর ছদ্মবেশ ধরে ছোট্ট তানিকে ভয় দেখাচ্ছে। আর তাই অনিরুদ্ধকে দেখলেই ভয়ে কাঁটা হয়ে যাচ্ছে সে। মুখ লুকিয়ে ফেলছে মায়ের কোলে। মেয়ের এই অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে বাণীও। তানির এই আচরণ চোখ এড়ায়নি অনিরুদ্ধর। সে তানিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তাকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ছোট্ট মনে ভয় ভীষণভাবে গেঁথে গিয়েছে, তাই অনিরুদ্ধর কথা বুঝতে চেষ্টা করে না সে‌।

এদিকে, অনিরুদ্ধ চায় বাণী ও তানি যেন ভাল থাকে। তাই অনিরুদ্ধ রাতের বেলায় উঠে চিঠি লেখে বাড়ি ছেড়ে চলে যাবে বলে। তানি যাতে ভাল থাকে তাই সে তাদের থেকে দূরে চলে যেতে চায়। রাতের অন্ধকারেই অনিরুদ্ধ বেরিয়ে যায় বাড়ি ছেড়ে। গভীর রাতে ঝড় ওঠে। হাওয়ায় সব এলোমেলো হয়ে যাচ্ছে বুঝতে পেরে বাণীর ঘুম ভেঙে যায়। বাণীর চোখে পড়ে অনিরুদ্ধর হাতে লেখা চিঠিটা। সেই চিঠি পড়ে বাণী মনে মনে প্রতিজ্ঞা করে অনিরুদ্ধকে তানির কাছে ফিরিয়ে আনবেই। কিন্তু কী করে মেয়ের ভয় কাটাবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের গল্পে বাণীর সন্তান জন্ম নেওয়ার আগে তাকে একা ফেলে চলে যায় তার স্বামী। অসহায় বাণীকে সেই সময় উদ্ধার করে অনিরুদ্ধ। অনিরুদ্ধর সহযোগিতায় বাণী হাসপাতালে মেয়ের জন্ম দেয়। তারপর থেকে পেরিয়েছে বেশকিছু বছর। তবে বাণী ও তার মেয়ের সঙ্গে যেন মনের টান খুঁজে পায় অনিরুদ্ধ। কিন্তু শেষমেশ অনিরুদ্ধর সঙ্গে নতুন জীবন শুরু করলেও বিপদ পিছু ছাড়ে না তার। বাণী ও অনিরুদ্ধ এর আগেও বহু বিপদের মোকাবিলা করেছে। এবারও কি তারা পারবে তানির জন্য এক হতে? উত্তরের অপেক্ষায় দর্শক।