নিজস্ব প্রতিনিধি: টলিউডের অলিখিত ‘অভিভাবক’ তিনি। দেড় দশক ধরে ইন্ডাস্ট্রিকে একা ধরে রাখতে পারার ক্ষমতা রাখেন। ‘আমিই ইন্ডাস্ট্রি!’ দাবী করাটা সম্ভবত তাঁর মুখেই মানায়। এহেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঈর্ষা করেন টলিউডের দুই অভিনেতাকে! নিজের মুখেই একথা জানালেন নায়ক। একইসঙ্গে কোন বিশেষ অভিনেত্রীকে নতুন স্টার হিসাবে পেল টলিউড, তাও জানালেন তিনি।
মঙ্গলবার মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী'। প্রথম দিন থেকেই দারুণ সারা পেয়েছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজোর ছবি। ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই বড় পর্দায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়ের টক্কর দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। অবশেষে মঙ্গলবার পঞ্চমীতে মুক্তি পেয়েছে এই ছবি। ‘বহুরূপী’র প্রিমিয়ারে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবির খানিক ঝলক দেখেই অভিভূত তিনি।
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিনয় দেখে প্রসেনজিতের অকপট স্বীকারোক্তি, “শুধু টলিউডে নয়, পুরো ভারতে আমি দু’জন অভিনেতাকে ঈর্ষা করি। আগেও বলেছি এই কথা। এবং তাঁরা হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়।” তাঁর আরও সংযোজন, “শিবপ্রসাদ এই ছবিতে দারুন সারপ্রাইজ। নন্দিতা দি ও শিবপ্রসাদ একের পর এক ভাল ছবি উপহার দিয়ে যাচ্ছেন। এই ছবিতে আবির ও ঋতাভরীও খুব ভাল।” এখানেই শেষ নয়, ‘বহুরূপী’র হাত ধরে নতুন স্টার পেল বাংলা চলচ্চিত্র জগৎ, এমনটাই মনে করেন প্রসেনজিৎ। তাঁর কথায়, “এই ছবিতে যার কথা অবশ্যই বলতে হয় সে হল কৌশানি। টলিউডে নতুন স্টারের জন্ম হল এই ছবির মাধ্যমে।”
এদিন 'বহুরূপী' ছবির পুরোটা দেখতে পারেননি প্রসেনজিৎ। আসলে একই দিনে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'টেক্কা'ও। সেই ছবির প্রিমিয়ারেও হাজির হয়েছিলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। মুক্তির আগে থেকেই একাধিক প্রেক্ষাগৃহে দু’টি ছবি হাউস ফুল হয়ে গিয়েছে। যা ‘টলিউডের জন্য দারুন সময়’, এমনটাই মত ‘বুম্বা দা’-র।
