জনপ্রিয় ইউটিউবার, বিগ বস ১৭-র প্রাক্তন প্রতিযোগী অনুরাগ ডোভালের শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ ছড়িয়েছে অনুরাগী মহলে। শনিবার আইসিইউ-র বাইরে আনা হয় তাঁকে। কিন্তু তারপরেই ফের তাঁর অবস্থার অবনতি হতে শুরু করেছে। অনুরাগের আপ্ত সহায়ক রোহিত পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন, অনুরাগের ফুসফুসে গুরুতর সংক্রমণ ধরা পড়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে, যখন ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অনুরাগ। প্রাথমিক চিকিৎসার পর গত বৃহস্পতিবার তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু শনিবার সকাল থেকে পরিস্থিতি ফের জটিল হতে শুরু করে। রোহিত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'সকাল পর্যন্ত অনুরাগভাই-এর অবস্থা স্থিতিশীল থাকলেও হঠাৎ তা খারাপ হতে শুরু করে। দুর্ঘটনার সময় তাঁর ফুসফুসে মারাত্মক চোট লেগেছিল, যা এখন গুরুতর নিউমোনিয়ায় রূপ নিয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।" অনুরাগের দ্রুত আরোগ্য কামনায় তাঁর লক্ষ লক্ষ অনুরাগীদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন রোহিত। তাই চিন্তার ভাঁজ পড়েছে নেটিজেনদের কপালেও।

এই শারীরিক অসুস্থতার পাশাপাশি অনুরাগের পারিবারিক বিবাদও এখন আলোচনার তুঙ্গে। ঘটনার সূত্রপাত অনুরাগের একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যেখানে তিনি মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানান এবং আত্মহত্যার ইঙ্গিত দেন। অনুরাগের দাবি ছিল, দীর্ঘ সময় ধরে তাঁকে এবং তাঁর পরিবারকে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে, যার ফলে তিনি চরম পদক্ষেপ করতে বাধ্য হতে পারেন। 

এরপর অনুরাগ ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'আমার শেষ ভিডিও।' সেখানেই তিনি তাঁর বাবা, মা এবং ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জানান তাঁরা, তাঁর উপর অত্যাচার করেছেন কারণ তিনি ঋতিকাকে বিয়ে করেছেন। অশান্তি না নিতে পেরে চলন্ত গাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন অনুরাগ ডোভাল। 

এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগের অনুরাগীরা দুশ্চিন্তায় পড়েন। কিন্তু এর পরেই আসে এক অভাবনীয় মোড়। ছেলের এই আচরণে অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে অনুরাগের বাবা সংবাদমাধ্যমের কাছে জানান, অনুরাগ ও তাঁর স্ত্রী ঋতিকা যা করছেন তা কেবল নাটক এবং প্রচার পাওয়ার সস্তা কৌশল। তিনি অভিযোগ করেন, অনুরাগ তাঁর বাবা-মায়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। জগদম্বা প্রসাদের কথায়, "অনুরাগ এবং ঋতিকা তাঁদের স্বার্থের জন্য যে কোনও স্তরে নামতে পারে। আমি আর এই অপমানের ভাগীদার হতে চাই না। আজ থেকে ওদের সঙ্গে আমার বা আমার পরিবারের কোনও যোগাযোগ থাকবে না।" অনুরাগের এই পারিবারিক বিবাদ এখন 'টক অফ দ্য টাউন'।