বর্তমানে ভারতবর্ষে রান্নার গ্যাসের আকাল৷ গ্যাস বুকিং করলেও পাওয়া যাচ্ছে না গ্যাস৷ বহু ক্যাফে রেস্তোরাঁ অনলাইনে খাবার পাঠানো বন্ধ রেখেছে৷ এমনকি বহু মন্দিরে ভোগ বিতরণ করাও বন্ধ৷ এই পিরস্থিতিতে রান্নার গ্যাস নিয়ে মজার ভিডিয়ো শেয়ার করেছেন সমীরা রেড্ডি৷ 

সমীরা রান্নার গ্যাস সিলিন্ডারকেই ভিআইপি বলে উল্লেখ করেছেন৷ তিনি লিখেছেন, "অবশেষে আমার পরিবারে ভিআইপি এসেছেন"

সমীরা রেড্ডির মজার এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল৷ একজন লিখেছেন, কী কী দিন দেখাচ্ছেন ভগবান! অন্য একজন লিখেছেন খ্যাতনামীদের বাড়িতেও এভাবেই সিলিন্ডার আসে যেভাবে আমাদের বাড়ি আসে৷ 

বহুদিন অভিনয় থেকে দূরে থাকলেও সমাজমাধ্যমে সমীরা বেশ সক্রিয় এবং জনপ্রিয়৷ সমীরা তাঁর ভিডিয়োতে বর এবং শাশুড়িকেও দেখান৷ ২০১৪ সালে বিয়ের পর সমীরা অভিনয় থেকে দূরে সরে যান৷ তাঁর এক ছেলে এবং এক মেয়ে আছে৷ ২০২৪ সালে অজয় দেবগণ সমীরা অভিনীত 'নাম' মুক্তি পেয়েছে৷ যদিও ছবিটি তেমন সফল হয়নি৷