টলিউডের অন্দরে জোর গুঞ্জন আবার নাকি প্রেম করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগে তাঁর একাধিক বৈবাহিক সম্পর্ক ভেঙেছে। ভেঙেছে প্রেমের সম্পর্কও। জল্পনা অনুযায়ী আবারও কি কাউকে মন দিলেন নায়িকা? আজকাল ডট ইনকে কী জানালেন? 

প্রেমের জল্পনা একদমই খারিজ করে দিলেন না অভিনেত্রী। বরং বলেন, "আমি তো সবসময় প্রেমে থাকি। প্রেমে না থাকলে হয় না। প্রেম জীবনে সবসময় উচিত করা।" 

আগামীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে 'ঠাকুমার ঝুলি' সিরিজে ঠাকুমার চরিত্রে দেখা যাবে। এমন মিষ্টি ঠাকুমার প্রেমে কি কেউ পড়ল? এই বিষয়ে অভিনেত্রীর জবাব, "আমার হরি, বেলা, ফন্টে তো পড়েছে।" এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, হরি, বেলা এবং ফন্টে হচ্ছে ঠাকুমা অর্থাৎ গিরিজাবালা দেবীর পোষা বিড়াল। 

কেবল প্রেম নয়, বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন প্রসঙ্গেও মুখ খোলেন অভিনেত্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, "এটা আমার কাছেও গুঞ্জন। আমি জানি না কিছু।" রাজনীতিতে যোগদান নিয়ে তাঁর মত, "সেটা একটা ফেজ গেছিল। আমি এখন রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আমি এখন ঠাকুমার ঝুলি নিয়েই কথা বলতে চাই। ওটা যদি আলাদা রাজনীতি নিয়ে সাক্ষাৎকার হয় তখন নিশ্চয় কথা বলব। যেদিন খালি আমার সাক্ষাৎকার নেবে, কোনও কাজ প্রসঙ্গে নয়, তখন আমি সবটা খুলে বলব।" ফলে অভিনেত্রী যে এই জল্পনার আগুনে জল ঢেলে দিলেন সেটা নয়, বরং যেন সেটাকে খানিকটা উসকে দিলেন। আগামীতে নির্বাচনের নির্ঘণ্টের পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশ্যে এলে জানা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সত্যিই প্রার্থী হচ্ছেন নাকি সবটাই জল্পনা। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দর্শক শেষবার 'দেবী চৌধুরাণী' ছবিতে দেখেছেন। শুভ্রজিৎ মিত্র পরিচালিত সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনেত্রীর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। বক্স অফিসে পুজোর সময় জাঁকিয়ে ব্যবসা করেছিল ছবিটি। আগামীতে তাঁকে 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখা যাবে। হইচই প্ল্যাটফর্মে আগামী ২০ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হবে। এই সিরিজের হাত ধরেই তিনি ওয়েব দুনিয়ায় পা রাখছেন। অয়ন চক্রবর্তী সিরিজটির পরিচালনা করেছেন। এখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন দিব্যানী মণ্ডল, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, দেবরাজ ভট্টাচার্য, প্রমুখ।