নিজস্ব প্রতিনিধি: প্রথম ঝলকেই সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। আর এবার কালীপুজোয় যেন বাজিমাত করলেন টলিউড অভিনেত্রী। দীপাবলিতে মুক্তি পেল ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর টিজার। সেখানেই একেবারে নয়া অবতারে ধরা দিলেন রুক্মিণী।
২০২২-এর সেপ্টেম্বরে প্রথমবার বিনোদিনী রূপে সামনে এসেছিলেন রুক্মিণী মৈত্র। জানা গিয়েছিল, পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। এই ছবি নিয়ে দর্শকের মনে তৈরি হয়েছিল আলাদা আগ্রহ। বহুদিন ধরেই রুক্মিণীর বহু প্রতীক্ষিত ছবি ‘বিনোদিনী’র পোস্টার ঘুরছে। ‘শ্রী চৈতন্য লীলা’ নাটকের দৃশ্যে গেরুয়া বস্ত্রে দু হাত তুলে দেখা গিয়েছে নায়িকাকে। এবার মুক্তি পেল ‘টিজার’। আর সেখানেও রয়েছে একের পর এক চমক। নজর কাড়লেন রুক্মিণী।
বারবণিতার পরিবেশ থেকে উঠে এসে অনেক ছোট বয়েসে বাংলা মঞ্চে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন নটী বিনোদিনী। ১২ বছরের স্বল্প অভিনয় জীবনের মধ্যে পেয়েছিলেন বিপুল সাফল্য। সেই বিনোদিনী দাসীর ব্যক্তিগত, অভিনয় জীবনের এক ঝলক উঠে এসেছে ছবির টিজারে। গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। ব্যবসায়ী গুর্মুখ রায়ের চরিত্রে রয়েছেন মীর ও কুমার বাহাদুরের চরিত্রে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওম সাহানি।
টিজারের আগাগোড়া বিনোদিনী দাসীর বলিষ্ঠ ও দৃঢ়চেতা চরিত্রে দেখা গিয়েছে রুক্মিণী। তাঁকে বলতে শোনা যায়, “আমার অভিনয় বিকাও হতে পারে। তা দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটুন। আমার অভিনয় কিনুন, দেখতে আসুন। তবে ভুল করেও বিনোদিনী দাসীকে কিনতে আসবেন না।’
এদিন দেব তাঁর সোস্যাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করে লিখেছেন,’বাংলা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী বিনোদিনী দাসী’র অনেক না জানা কথা নিয়ে আসছে আমাদের আগামী নিবেদন- “বিনোদিনী – একটি নটীর উপাখ্যান”। আগামী বছরের ২৩ জানুয়ারি মুক্তি পাবেন রুক্মিণীর বহু প্রতিক্ষিত এই ছবি।
