গত ২৬ ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রশ্মিকা মন্দানা। বিজয় দেবরকোন্ডাকে বিয়ে করেন অভিনেত্রী। গত কয়েকদিন ধরে কখনও ‘ভিরোশ-এর বিয়ে, কখনও গায়ে হলুদ, আবার কখনও সঙ্গীতের ছবিতে মাতোয়ারা অনুরাগীরা। এই আনন্দের মাঝেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নায়িকা। সমাজমাধ্যমে ভাইরাল একটি অডিও-কে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রশ্মিকা।  

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়েছে রশ্মিকার মা সুমন মন্দানার একটি পুরনো অডিয়ো ক্লিপ। যেখানে রয়েছে, রশ্মিকার প্রাক্তন তথা অভিনেতা রক্ষিত শেট্টিকে নিয়ে নায়িকার মায়ের কথোপকথন। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর ও তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন।


প্রসঙ্গত, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’-র সেটে প্রেম এবং ২০১৭ সালে জাঁকজমকপূর্ণ বাগদান সারেন রশ্মিকা ও রক্ষিত। দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ ছিলেন তাঁরা। ২০১৮ সালে একবছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। যদিও এনিয়ে কখনও মুখ খোলেননি দুই তারকা। প্রায় ৮ বছর নতুন জীবন শুরু করেছেন রশ্মিকা। আর এরই মাঝে সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রক্ষিতকে নিয়ে রশ্মিকার মায়ের একটি অডিও। যেখানে রশ্মিকার মা-কে বলতে শোনা গিয়েছে, “ভালই হয়েছে ওদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।” রশ্মিকার পুরনো বাগদানের সময় দুই পরিবারের মধ্যে হওয়া নানা মতবিরোধ নিয়ে কথা বলেছিলেন সুমন।

অডিওটি আসলে প্রায় আট বছর আগের একটি সাক্ষাৎকারের অংশ যা সম্প্রতি আবার নতুন করে ভাইরাল হয়েছে। রশ্মিকা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ঘটনা তিনি আর সহ্য করবেন না। যারা ইচ্ছাকৃতভাবে এই অডিও ছড়াচ্ছেন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রশ্মিকা আরও বলেন, ‘‘আমি এতদিন চুপ করেছিলাম। সব সময় নিজের কাজ করে গিয়েছি এবং সকলের মধ্যে ইতিবাচক বার্তা দিয়ে এসেছি। কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আক্রমণ করে যাচ্ছে। আর আমি চুপ করে থাকব না।’’তাঁর মতে, ব্যক্তিগত জীবনের বিষয়কে এভাবে প্রচার করা ঠিক নয় এবং এতে মানুষের সম্মান ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। 

নেটাগরিকদের একাংশের মতে, রশ্মিকা-বিজয়ের বিয়ের ঠিক পরেই পরিকল্পিতভাবে ভিডিওটি ভাইরাল করা হয়েছে। পুরনো কাসুন্দি ঘেঁটে দুই তারকার বর্তমান ব্যক্তিগত জীবনে অশান্তি তৈরি করা হচ্ছে বলেও মনে করেন অনেকে। রশ্মিকা প্রতিক্রিয়া জানানোর পর বিষয়টি নিয়ে আরও চর্চা শুরু হয়েছে।