অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন৷ শহরের বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি  ( AQI) নিয়ে তথ্য ভাগ করে নিয়েছেন দীপিকা৷ সেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ের গড় একিউআই ১৫০ এর কাছাকাছি।  

এই ছবির উপর দীপিকা নিজের বক্তব্য তুলে ধরেছেন।  অভিনেত্রীর মতে, মুম্বই শহরে বাতাসের গুণমান এতই খারাপ যে শিশুদের দমবন্ধ হয়ে আসছে৷ এই পরিস্থিতি যে একেবারেই স্বাভাবিক নয়, তা উল্লেখ করে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন দীপিকা। 

গত এক বছরে মুম্বইয়ের বাতাসের গুণমাণ খারাপ থেকে খারাপতর হয়েছে৷ তথ্যানুসারে, বেশ কয়েকটি স্থানে বায়ুর গুণমান সূচক (AQI) "খুব খারাপ" বলে চিহ্নিত করা হয়েছে৷ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, শহরজুড়ে একিউআই ছিল প্রায় ২৩০-২৫০ এর মধ্যে৷ ঘাটকোপার এবং মুলুন্ডের মতো এলাকায় এই।মাত্রা ছিল ২৯০ এর কাছাকাছি ছিল, যা "গুরুতর" বায়ুদূষণকে ইঙ্গিত করে৷ 

অপরিকল্পিতভাবে প্রচুর পরিমাণে নির্মাণকাজ চলায় বায়ুদূষণ এর মাত্রাবৃদ্ধি হয়েছে৷ বৃহন্মুম্বই পৌর কর্পোরেশন (BMC) ধুলো নিয়ন্ত্রণের জন্য নিয়ম লঙ্ঘনকারী নির্মাণস্থলগুলির কাছে কারণ জানতে চেয়ে শো-কজ নোটিশ পাঠিয়েছেন এবং কাজ বন্ধ করার নির্দেশ জারি করেছেন। দূষণ নিয়ন্ত্রণের জন্য মুম্বাইয়ের ১,০০০ টিরও বেশি নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ বম্বে হাইকোর্ট দূষণ নিয়ন্ত্রণ করতে নির্মাণ সংস্থাগুলিকে নির্দেশিকা মেনে চলার জন্য সতর্ক করেছে৷