নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঋতব্রতা দে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শুটিংয়ের মাঝে হঠাৎ কী হল তাঁর?
স্টার জলসার 'তেঁতুলপাতা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতব্রতা দে। আচমকাই তাঁর অসুস্থতার খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন ঋতব্রতা। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী, হাতে চ্যানেল করা তাঁর।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গলব্লাডার স্টোনের ব্যথায় ভুগছিলেন ঋতব্রতা। শারীরিক অসুস্থতা নিয়েই শুটিং করছিলেন তিনি। এরপর ব্যথা বাড়লে অবশেষে হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচার করতে হয় ঋতব্রতার। কয়েকদিন বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।
অনেকদিন ধরে ব্যথা হলেও শুটিংয়ের কারণে শুধুমাত্র ওষুধ খেয়ে অভিনয় চালিয়ে গেছেন এই অভিনেত্রী। তবে এরপর অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় ছিল না। এখন কেমন আছেন ঋতব্রতা? অভিনেত্রীর কথায়, 'এখন আগের থেকে ভাল আছি, এবার ছুটি দিয়ে দেবে হয়তো। ' পুজোর মধ্যে পুরোপুরি ঋতব্রতাকে বিশ্রামে থাকতে হবে।
পুজোর পর থেকে আবার শুটিং শুরু করবেন ঋতব্রতা। ঝিল্লি চরিত্রের জন্য সব সময়ই তাঁকে বেশ ছোটাছুটির মধ্যে শুটিং করতে হয়। তবে দেখে বিন্দুমাত্র বোঝা যায়নি যে শরীরে ব্যথা নিয়ে তিনি শুটিং করছিলেন। অসুস্থ বোধ করলেও শুটিং থামাননি ঋতব্রতা।
