নিজস্ব সংবাদদাতাঃ শহরে একের পর এক নামী ব্যক্তিত্ব খুন। কেন খুন হচ্ছেন তাঁরা? সেই রহস্য উদঘাটনের করতে গিয়েই বেরিয়ে আসবে ভয়ানক এক অন্যায়ের গল্প। শোষণ, নিপীড়ন আর রেহাই পেয়ে যাওয়ার ইতিহাস। থ্রিলারের মোড়কে আসছে নতুন ছবি "আঁশ"।
টানটান রহস্য-রোমাঞ্চে ভরা গল্প বলবে 'আঁশ'। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অনিন্দ্য বোস। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে জ্যামি বন্দ্যোপাধ্যায়, বরুন দে, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার, মিশোর বোস, পারমিতা দাও,সৌম্য ভট্টাচার্য, শুভ্রপ্রকাশ মুখোপাধ্যায়, সায়ন সূর্য,অভ্রনীল ঘোষ সহ আরও অনেকে
শহরে পর পর খুনের কেসের তদন্তভার পড়ে সাব-ইন্সপেক্টর নির্ঝর নাথের হাতে৷ যিনি প্রয়োজনে গুলি চালাতে পিছপা হন না। কড়া মেজাজের সেই পুলিশ অফিসারের মুখ্য চরিত্রে অভিনয় করছেন জ্যামি বন্দ্যোপাধ্যায়৷ নির্ঝরের এই অন্যায়ের শেষ দেখে ছাড়ার প্রতিজ্ঞা, অন্যদিকে সমাজে অন্যায়ের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠিত ব্যাক্তিরা-সবকিছুর রহস্যের মোড়কে এগোবে "আঁশ"-এর গল্প।
অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এই ছবিতে পুরোপুরি ভিন্ন একটা চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবে। একজন পুলিশ অফিসার যে নিজের মেজাজে কাজ করে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাঁর প্রতিশ্রুতি। সমাজের অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই। আশা করছি, দর্শকের চরিত্রটা ভাল লাগবে।"
কলকাতায় ছবির শুটিং শুরু হয়েছে৷ খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পাবে "আঁশ"। ছবির প্রযোজনার দায়িত্বে ফাঙ্কি মাঙ্কি মিডিয়া এন্টারটেইনমেন্ট। সিনেমাটোগ্রাফি করেছেন অর্কজ্যোতি চৌধুরী।
