আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় প্রথম বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অগ্নিমিত্রা পাল ও শঙ্কর ঘোষ।


শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়। সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রী হিসেবে দক্ষিণবঙ্গ থেকে অগ্নিমিত্রা ও উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষের নাম ঘোষণা করা হয়।

শনিবার ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু, অগ্নিমিত্রা, শঙ্কর ঘোষ সহ বাকি মন্ত্রীরা। শুক্রবারই লোকভবনে যাবে দল। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবে। 


প্রসঙ্গত, শুক্রবার জয়ী ২০৭ বিধায়কের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ বাকি কার্যকর্তারা। তারপরই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করেন শাহ। 


এটা ঘটনা, যে কোনও রাজ্যে নির্বাচনের পর বিধানসভার পরিষদীয় দলনেতা বাছাইয়ের সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই রাজ্যে পাঠান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান পর্যবেক্ষক করা হয়েছিল শাহকে। সহকারী পর্যবেক্ষক ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তাঁদের তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের বৈঠক হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম স্থির হয়। বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব। বিধায়কদের সমর্থন নিয়ে শুভেন্দু এবার লোক ভবনে যাবেন এবং রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের আর্জি জানাবেন।


অন্যদিকে অগ্নিমিত্রার উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে খুব একটা সংশয় ছিল না। নজর ছিল অন্যজন কে হবেন। উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হল শঙ্কর ঘোষকে।