আজকাল ওয়েবডেস্ক: বাজেটে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ, জল্পনা ছিলই ভোটমুখী বাংলায়। জল্পনায় সিলমোহর। ভোটের মুখেই বাজেটে ঘোষণা, বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ। বৃহস্পতিবার বাজেটে ঘোষণা করা হয়, লক্ষ্মীর ভান্ডারে বাড়ল ৫০০টাকা। অর্থাৎ এই প্রকল্পের উপভোক্তারা প্রতিমাসে আরও ৫০০টাকা করে বেশি পাবেন।
একইসঙ্গে এদিন বাজেটে ঘোষণা করা হয়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ১৫ হাজার কোটি টাকা। এর আগে, এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল ২৭হাজার কোটি টাকা।
লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে উল্লেখ্য, বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা এই প্রকল্পের আওতায় ১০০০ এবং তফশিলি, জনজাতির মহিলারা পান ১২০০টাকা। আরও ৫০০টাকা করে বেশি পাবেন তাঁরা প্রতিমাসে।
এই লক্ষ্মীর ভান্ডার এর আগেও বিরাট সুফল দিয়েছে মমতা সরকারকে। ২০২১-এ তৃণমূল সরকারের জয় এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা, রাজনৈতিক বিশ্লেষকরা এই দুটি বিষয়কে একসঙ্গে ব্যাখ্যা করে থাকেন মমতা সরকারের মাস্টারস্ট্রোক হিসেবে। কারণ, ২১-এর ভোটের আগেই, তৃণমূল সরকারের প্রতিশ্রুতি ছিল এই 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প। আশা ছিল, গতবছর রাজ্য বাজেটে বাড়বে এই ভাতার পরিমাণ। কিন্তু রাজ্য সরকার গত বাজেটে এই ভাতার পরিমাণ অপরিবর্তিত রেখেছিল। ফের ভোটের মুখে, লক্ষ্মীর ভান্ডারে জোর ভোটের মুখে, এই ঘোষণাকে বিরাট আকারে দেখছে রাজনৈতিক মহল।
এবারের রাজ্য বাজেটে বড় চমক 'বাংলার যুব সাথী'। রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজের জন্য প্রকল্পের ঘোষণা করল মমতা ব্যানার্জির সরকার। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার। চলতি বছর ১৫ আগস্ট থেকেই চালু হবে 'বাংলার যুব সাথী' প্রকল্প।
বাজেটে জানানো হয়েছে, 'বাংলার যুব সাথী' প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারী এই সুবিধা পাবেন। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
এছাড়াও এবারের বাজেটে এক হাজার টাকা করে ভাতা বেড়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের। পাশাপাশি বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দও। যে সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার রয়েছে তাঁরা প্রতি মাসে বাড়তি ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ, যাঁরা ১ হাজার টাকা করে ভাতা পান, তাঁরা এবার থেকে ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার। আর এসসি বা এসটি মহিলারা পাবেন ১ হাজার ৭০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার।
রাজ্য সরকারের মেয়াদ চলতি বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত। ফলে এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
