আজকাল ওয়েবডেস্ক: সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাগরের বামনখালি এমপিপি উচ্চ বিদ্যালয়ে। ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় এলাকায়। অভিযুক্ত শিক্ষকের নাম প্রকাশ জানা। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসের বাইরে ডেকে নিয়ে তাঁর শ্লীলতাহানি করেন।
অভিযোগ, ওই ছাত্রীকে তিনি কুপ্রস্তাবও দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রীর পরিবার স্কুলে গিয়ে অভিযোগ জানান শিক্ষকের নামে। অভিযোগ, গোটা বিষয়টাই চেপে যেতে বলেন স্কুলের শিক্ষকরা। পরিবারকে থানায় অভিযোগ জানাতেও বারণ করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি স্কুল কর্তৃপক্ষ।
অভিযুক্ত শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সোমবার স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। লাগাতার আন্দোলনের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাগর থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক প্রকাশ জানাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।
















