আজকাল ওয়েবডেস্ক: মধ্যমগ্রামে মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গুলি করে খুন করা হল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।

ইতিমধ্যেই, ঘটনাস্থলে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। ঘটনাস্থলে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছেছেন। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, 'আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে, যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই নম্বর প্লেট গাড়িটা শিলিগুড়িতে রেজিস্টার্ড একটা গাড়ি। এই ঘটনায় সেই নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি। বাদ বাকি কী ঘটেছিল সেটা আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সবকিছু খতিয়ে দেখে আমরা তদন্ত এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার নেই।'

শার্প শুটার দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা সেই প্রসঙ্গে ডিজি বলেন, 'বাদ বাকি তদন্ত করে তারপর আমরা বলতে পারব।' অন্যদিকে, বারাসতের এসপি পুষ্পার বক্তব্য, 'আমরা এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। তদন্তের স্বার্থে আপাতত এর থেকে বেশি কিছু বলতে পারছি না।'

জানা গিয়েছে, গাড়িতে দু’‌জন ছিলেন চালক ও আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। আপ্তসহায়ক এর গাড়ির চালক আহত হয়েছেন।  জানা গিয়েছে তাঁরা, কালো স্করপিওতে ছিলেন।

সূত্রের খবর, বাইকে করে এসে গুলি করে চন্দ্রনাথ রথ এর গাড়ি লক্ষ্য করে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানা এবং এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছে। জানা গিয়েছে, শুভেন্দুর সর্বক্ষণের সঙ্গী ছিলেন চন্দ্রনাথ। গাড়ি চালক চিকিৎসাধীন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, গাড়িটা যে গলিতে ঢুকেছে, সেটা আগে থেকে খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে আততায়ীরা উল্টোদিক থেকে বাইক নিয়ে এসে গুলি করেছে। বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল।

এদিকে, ঘটনাস্থলে আসেন সুকান্ত মজুমদার, অর্জুন সিংও। আর বিজেপি কর্মীরা ক্ষোভ উগড়ে দেন রথীন ঘোষের বিরুদ্ধে। অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর, প্রায় ১২ রাউন্ড গুলি চলেছে।

অন্যদিকে, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে চন্দ্রনাথ রথের গাড়ির চালককে। চালকের নাম বুদ্ধদেব বেরা। জরুরি বিভাগের চিকিৎসকরা দেখছেন। গাড়ির চালকের তিন জায়গায় গুলি লেগেছে। 

লিভার, ডান ফুসফুস ও ডান কাঁধ এবং হাতের সংযোগ স্থলে গুলি লেগেছে বলেই মনে করছেন চিকিৎসকরা। মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। তাঁর জ্ঞান হয়েছে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক।

অনেক রক্তক্ষরণ হয়েছে। কিন্তু প্রাথমিক চিকিৎসা হওয়া অনেকটা পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।সার্জারি করার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই চালককে ওটি তে নিয়ে যাওয়া হয়েছে।