আজকাল ওয়েবডেস্ক: পরপর হামলা, অশান্তির অভিযোগ শহর কলকাতা লাগোয়া একাধিক জায়গা থেকে। একদিকে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কে গুলি করে খুনের অভিযোগ, অন্যদিকে বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। একই সঙ্গে, বুধের মধ্যরাত পেরিয়ে খবর আসছে আরও অশান্তির। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, পানিহাটিতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত বিজেপি সমর্থকরা। তিনজনকে ইতিমধ্যে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
পানিহাটি সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে ঘটনা ঘটেছে বলে তথ্য সূত্রের। আহত আরও কয়েকজন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনা সূত্রপাত সাড়ে দশটার কিছু পরে। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা বোমা ছোড়ে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে জোড়া ফুল শিবির।
একই সঙ্গে সূত্রের খবর, বরানগরে ছুরিকাঘাত বিজেপির এক কর্মীর উপর। শুভেন্দু অধিকারীও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ উত্থাপন করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, আপ্ত সহায়ক, সবসময়ের সঙ্গী চন্দ্রনাথ রথের মৃত্যুর পর ভিভা সিটি হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এটি পূর্বপরিকল্পিত, ঠান্ডা মাথায় খুন। তিন-চারদিন আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। খুনের বিচার হবেই। অভয়ার মতো বিচারহীন থাকবে না এই ঘটনা। এছাড়াও সোনারপুরের সাউথ উইন্ডস কমপ্লেক্স এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর সূত্রের।















