আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরেও নিম্নচাপের ভোগান্তি। শীতের শুরুতে বাংলার একাধিক জেলায় দুর্যোগের ঘনঘটা। বুধবার সকাল থেকে মেঘলা আকাশ জেলায় জেলায়। ভোরের দিকে কয়েক ঘণ্টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল কয়েকটি জেলা। বেলা গড়ালেই বদলাবে আবহাওয়া। আজ ঝেঁপে বৃষ্টি নামবে একাধিক জেলায়।
মৌসম ভবন জানিয়েছে, গতকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ, বুধবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে। এই নিম্নচাপের জেরে বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হবে না। কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের আট জেলাতেই আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে ভোরে ও সন্ধেয় হালকা শীতের আমেজ পাওয়া যাবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। নভেম্বরের শেষের দিকে হালকা শীতের আমেজ পাওয়া যেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলায়। তাপমাত্রা হু হু করে না কমলেও শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলায়।
