আজকাল ওয়েবডেস্ক:  গুজরাট আদালত ও স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানোর অভিযোগে বনগাঁর এক যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেল গুজরাট পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস ওরফে মাইকেল ৷ গোপালনগর থানার গোবিন্দপল্লী এলাকায় বাড়ি৷ ২৮ শে ফেব্রুয়ারি রাতে তাঁকে গোপালনগর থানার সহযোগিতায় গুজরাট পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে৷ পুলিশ জানিয়েছে ধৃত মাইকেল গোবিন্দপল্লী এলাকায় কয়েক মাস আগে বাড়ি করেছে৷ তার আগে ওই এলাকাতেই ভাড়া থাকত৷


হুমকি ইমেইল পাঠানোর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সৌরভ বিশ্বাসের নাম উঠে আসে। গুজরাট পুলিশের একটি বিশেষ দল শনিবার গোপালনগর থানা এলাকার গোবিন্দপল্লীতে অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তের জন্য আদালতের নির্দেশে গুজরাটে নিয়ে যাওয়া হয়।


স্থানীয়রা জানিয়েছে বছর দুই আগে আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল৷ এলাকায় তার দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়ি রয়েছে৷ আগে কলকাতায় থাকত সে৷ বাড়িতে বসে কম্পিউটারে কাজ করতো৷ আর কোন কাজ করত গ্রামের বাসিন্দারা জানেন না৷ 


সৌরভকে রাতে পুলিশ তুলে নিয়ে যেতেই হতবাক এলাকার বাসিন্দারা৷ প্রতিবেশী মহিলাদের কথায় শান্ত স্বভাবের সৌরভ বাংলাদেশ থেকে আসার পর এলাকায় সকলের সঙ্গে মিলেমিশে থাকত৷ সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করত৷ কিন্তু সে যে এত বড় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে তা কল্পনাই করতে পারছেন না বাসিন্দারা৷ ক্ষুব্ধ বাসিন্দারা জানিয়েছেন এমন জঘন্য অপরাধের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে আমাদের এলাকার বদনাম করল এই ছেলেটি ৷ কারণ এই ধরনের ঘটনা এলাকায় কখনও ঘটেনি৷

 


দিন কয়েক আগে দেশের পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্রগুলি আর ডি এক্স দিয়ে উড়িয়ে দেয়ার হুমকির মেল এসেছিল৷ পর পর দুদিন মেলের মাধ্যমে হুমকি চিঠি এসেছিল৷ হুমকির মেলে সমগ্র দেশের মুখ্য পোস্ট অফিস ও পাসপোর্ট পরিষেবা বন্ধ হয়ে যায়৷ রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই হুমকির মেলর সঙ্গে সৌরভ যুক্ত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।