আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখেই ঘর ওয়াপসি। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ভোটের মুখে ফের তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ২০১৪ সালে দীপেন্দু বসিরহাট দক্ষিণ বিধানসভা থেকে ভোট লড়েছিলেন তৃণমূলের হয়ে। সেবার উপনির্বাচনে পরাজিত হন।

 

২০১৬-তে ওই বিধানসভা থেকেই ভোট জিতে বিধায়ক হন। দল বদল করেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে। যদিও গেরুয়া শিবিরের সঙ্গে দীপেন্দুর যোগাযোগ খুব একটা দীর্ঘকালীন ছিল না। মাত্র এক বছরের মাথায় পদ্ম শিবির ছেড়ে বেরিয়ে যান তিনি। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে, ফের ফিরলেন তৃণমূলেই। 

তৃণমূলে ফিরেই দীপেন্দু আজকাল ডট ইন-এ জানান, রাগ অভিমান থেকে বিজেপিতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বহু আগেই সেই সম্পর্ক ছেদ করে বেরিয়ে গিয়েছিলেন। গত কয়েকবছর থেকেছেন তৃণমূলের  নানা অনুষ্ঠান-মঞ্চেই। ফলে আজ পুনরায় ফিরলেন তৃণমূলে। শাসক দলে আনুষ্ঠানিকভাবে ফিরেই দীপেন্দুর গলায় মমতা জমানার উন্নয়নের কথা। 

এদিন দীপেন্দু বিশ্বাস ছাড়াও, প্রদেশ কংগ্রেস সদস্য ও মুখপত্র তথা বসিরহাট ১নং ব্লক কংগ্রেসের সভাপতি কাদের সরদার ও বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথি বসু কাবাক-সহ সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ এবং বিজেপির একাধিক নেতৃত্ব আজ বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

 বসিরহাট কংগ্রেসের অন্যতম মুখ কাদের সরদার ঘাসফুল শিবিরে যোগদান করলেন। তাঁর সঙ্গে যোগদান করেন পিফা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের তিন সদস্য-সহ কংগ্রেসের শতাধিক নেতা, কর্মী ও সমর্থকরা। অপরদিকে, পার্থসারথি বসু বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যানের পদ সামলেছেন। বর্ষীয়ান এই নেতা তৃণমূলে যোগ দেওয়ায় বিধানসভা ভোটের আগে শাসক দলে যোগ দেওয়ায় শাসক দলের আরও শক্তি বৃদ্ধি হল বলেই মনে করছে জোড়াফুল শিবির।