আজকাল ওয়েবডেস্ক: রবিবার সুপার এইটে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি। পারদ চড়তে শুরু করে দিয়েছে সেই ম্যাচের।
দুই দলেই রয়েছে বারুদ। বিস্ফোরণ হওয়া কেবল সময়ের অপেক্ষা। সেই ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। তাঁর দলে জায়গা পেলেন না কুলদীপ যাদব।
এক নজরে দেখে নেওয়া যাক ভাজ্জির বাছাই করা প্রথম একাদশ-ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
হরভজন দল বাছাই সম্পর্কে বলেন, ''দলে কোনও পরিবর্তন হবে বলে মনে হয় না। অক্ষর প্যাটেল অবশ্যই খেলবে। আমেরিকার বিরুদ্ধে যে দলটা খেলেছিল, সেটাই একদম ঠিক দল। অক্ষর প্যাটেল দলের ভাইস ক্যাপ্টেন। পুরোদস্তুর বোলার অক্ষর। উল্টোদিকে ডান হাতি বা বাঁ হাতি ব্যাটার হোক, অক্ষর প্যাটেলের কোনও সমস্যা হবে বলে মনে হয় না।''
গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জয়। সুপার এইটে উঠেছে ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। প্রোটিয়ারাও গ্রুপ পর্বে ছিল অপরাজিত। শুক্রবার থেকে এই ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। প্রস্তুতি শুরুর আগে সূর্যদের উদ্বুদ্ধ করলেন তিন শূন্য করা অভিষেক শর্মা।
রবিবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে কি খেলবেন অভিষেক শর্মা? জল্পনা চলছে তাঁকে বাদ দেওয়া হবে। ভারতীয় শিবির থেকে মর্নি মর্কেল আলো ফেললেন।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মর্নি মর্কেল বলেন, ''অভিষেক শর্মাকে বাদ দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনাই হয়নি। অভিষেক শর্মা বিশ্বমানের খেলোয়াড়। এবারের টুর্নামেন্টে অভিষেক রান না পেলেও বাকিরা রান করে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছে। অভিষেক রান পায়নি ঠিক। আশা করা যায় সুপার এইট থেকে ও রানে ফিরবে।''
