আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন বিচারপতি, লড়েছেন একের পর এক মামলা। এখন যদিও তা থেকে অবসর নিয়ে তিনি গেরুয়া শিবিরের প্রার্থী। প্রচার করছেন জোর কদমে, কটাক্ষ করছেন রাজ্যের শাসক দলকে। এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই দায়ের হল খুনের চেষ্টার মামলা। সূত্রের খবর, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। যার মধ্যে খুনের চেষ্টা ছাড়াও রয়েছে মারধর, মহিলাদের সম্ভ্রমহানিও। এই ঘটনার সূত্রপাত মূলত শনিবার। সেদিন মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মাঝেই ছড়ায় উত্তেজনা। প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় চাকরিহারা শিক্ষকদের অবশনমঞ্চের সামনে শুরু হয় বিবাদ।তমলুক রাজ ময়দান থেকে শোভাযাত্রা হাসপাতাল মোড়ে পৌঁছতেই, চাকরিহারা শিক্ষকদের সমর্থনে তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের ধর্নামঞ্চ থেকে ‘‌চোর চোর’‌ স্লোগান ওঠে। পাল্টা ‘‌চোর চোর’‌ স্লোগান দেন বিজেপি কর্মীরাও। এরপরই দুই পক্ষের মধ্যে রীতিমতো বাদানুবাদ শুরু হয়ে যায়। যা হাতাহাতির পর্যায়ে চলে যায়। উপস্থিত পুলিশকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখান থেকে প্রার্থী হয়েছেন, গত কয়েকদিন সেখানে প্রতিবাদ দেখাচ্ছেন চকরিহারা শিক্ষকরা। অভিযোগ পরিকল্পনা করেই শনিবার বিজেপির মিছিল থেকে তাঁদের ওপর হামলা চালানো হয়। উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়ে,অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের হয়েছে বলে সূত্রের খবর।