আজকাল ওয়েবডেস্ক: রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। রাজ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পর্ষদ সভাপতি ও পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ ছিল প্রয়োজনে তাঁদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা যাবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন পর্ষদ সভাপতি।  কিন্তু উচ্চ আদালতের পর্যবেক্ষণ, তদন্তে যদি সবরকম সহযোগিতাই করা হয় তবে গ্রেপ্তারের আশঙ্কা কেন? রক্ষাকবচ প্রয়োজন হলে সেটা আগামী শুক্রবার শুনানির পর দেওয়া হবে।  স্বাভাবিকভাবেই আগামী শুক্রবারের শুনানির দিকে এখন সবার নজর।  উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করে নম্বর দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ‌‘‌এস বসু রায় অ্যান্ড কোম্পানি’‌ নামে একটি সংস্থাকে।‌ মামলার তদন্তে নেমে এই সংস্থার কর্তা কৌশিক মাজিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।