আজকাল ওয়েবডেস্ক: মুম্বই উপকূলে ভেসে এল ভিন দেশের নৌকা। মঙ্গলবার গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে হদিস মিলল এক রহস্যজনক মাছ ধরার বোটের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই নৌকাটি কুয়েতের। সঙ্গে সঙ্গে আটক করা হয় নৌকার তিন সওয়ারিকে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে ‘আবদুল্লা শরিফ’ নামের একটি সন্দেহজনক নৌকাকে ইতি–উতি ঘুরে বেড়াতে দেখা যায়। নৌকাটি দেখে সন্দেহ হওয়ায় আটক করে পুলিশ। নৌকায় যে তিনজন ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নৌকাটি কুয়েতের। এরপরই আতঙ্ক ছড়ায়। তবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক তিনজনই তামিলনাড়ুর কন্যাকুমারীর বাসিন্দা। তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। আটক তিনজনের দাবি, তাঁরা কুয়েতের একটি ফিশিং কোম্পানিতে কাজ করত। সেখানের মালিক তাদের উপরে অত্যাচার করত, বেতন দিত না। তাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে, যাতে দেশে ফিরতে না পারেন। বাধ্য হয়েই ওই তিনজন মিলে কোম্পানির একটি নৌকা চুরি করে দেশের উদ্দেশে পাড়ি দেয়। পুলিশ জানিয়েছে, আটক তিন যুবক একটানা ১২ দিন ধরে নৌকা চালিয়ে মুম্বইয়ে এসে পৌঁছেছে। খাবার ফুরিয়ে যাওয়ায় বিগত ৩–৪ দিন ধরে তারা কিছু খায়নি। তাজ হোটেলের কাছেই সমুদ্রে ভাসছিল নৌকাটি। সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা কিন্তু উস্কে দিয়েছে মুম্বইয়ের ২৬/১১ স্মৃতি।
Suspicious Boat: গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে ভেসে এল কুয়েতের নৌকা, ছড়াল আতঙ্ক
















