আজকাল ওয়েবডেস্ক:‌ গুজরাটে ফের ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। এই ঘটনায় দু’‌জন মারা গেছেন। সোমবার দুপুরে উত্তর গুজরাটের বনসকাঁটা জেলার পালনপুরে একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে। বনসকাঁটার জেলাশাসক বরুণকুমার বারণওয়াল বলেছেন, ‘‌দুপুর তিনটে নাগাদ পালনপুর থানার অদূরে ৫৮ নম্বর জাতীয় সড়কের আরটিও–র পাশে রেললাইনের উপর নির্মীয়মাণ সেতুর একটি খুঁটি এবং ছ’টি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে।’‌ ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তার খোঁজ চলছে। সেতু দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, সেতু ভেঙে চালক ও আরোহী–সহ একটি অটোরিকশা এবং একটি ট্রাক্টর চাপা পড়ছে। জানা গেছে, অটো রিকশাটি সেতুর নিচে দাঁড় করানো ছিল। তাতে বসেছিলেন একজন। সেতু দুর্ঘটনার ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত দু’জনের নাম অজয় শ্রীমালি (৩০) ও ময়ূর পারমার (২০)। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পরিস্থিতি খতিয়ে দেখতে সিনিয়র ইঞ্জিনিয়ারদের দল পাঠান পালনপুরে।