আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষায় দুর্নীতির অভিযোগে এবার দেশজুড়ে আন্দোলনে নামছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বৃহস্পতিবারই সেই কর্মসূচির কথা ঘোষণা করেছে তারা। 

এই আন্দোলনের অঙ্গ হিসেবে আজ, বৃহস্পতিবার বিকেল ৪টেয় পুণেতে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতেও নতুন করে সুর চড়িয়েছে এই সংগঠন।

পুণেতে এক সাংবাদিক বৈঠকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, দেশব্যাপী এই আন্দোলনের সূচনা হচ্ছে সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয় (এসপিপিইউ) ক্যাম্পাস থেকে। সেই সঙ্গেই আজই তাঁদের ‘শিক্ষা ইশতেহার’ প্রকাশ করা হবে।

পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হতে পারেন বলে খবর। তবে আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলেই দাবি করেছেন দিপকে। সংবাদমাধ্যমে তিনি বলেন, "আজ এসপিপিইউ থেকেই আমাদের দেশজোড়া আন্দোলনের সূচনা হচ্ছে। সংবিধানের রীতিনীতি মেনেই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ জানানো হবে। আজই আমাদের শিক্ষা ইশতেহারও প্রকাশ করা হচ্ছে।"

দিপকের দাবি, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ও সমস্যার কথা মাথায় রেখেই এই ইশতেহারে একাধিক সংস্কারের কথা বলা হয়েছে। তিনি বলেন, "প্রশ্নপত্র ফাঁস রোখা, নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফল প্রকাশ, নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা আনা, পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির জবাবদিহি নিশ্চিত করা এবং পরীক্ষার টালবাহানায় পড়ুয়াদের হয়রানি বন্ধ করার মতো বিষয়গুলির ওপর এই ইশতেহারে জোর দেওয়া হয়েছে।"

প্রসঙ্গত, দেশজুড়ে বিভিন্ন সরকারি নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ফলাফলে বিলম্ব এবং নানা অনিয়ম নিয়ে সাম্প্রতিককালে পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। সেই আবহে সিজেপির এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দিপকে জানিয়েছেন, পুণে থেকে শুরু করে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়বে জয়পুর, লখনউ, অমৃতসর এবং বেঙ্গালুরুর মতো একাধিক শহরে। আগামী ২০ জুন নতুন দিল্লির যন্তর মন্তরে এসে এই আন্দোলনের প্রথম পর্ব শেষ হওয়ার কথা।

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় থেকে সিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। দিপকের কথায়, "যাঁর গাফিলতিতে দেশের এক কোটিরও বেশি পড়ুয়ার ভবিষ্যৎ আজ অন্ধকারের মুখে, সেই শিক্ষামন্ত্রীর ইস্তফা না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।"