অতীশ সেন, ডুয়ার্স: মঙ্গলবার সকালে মাদারিহাটে এশিয়ান হাইওয়ে সংলগ্ন খোলা মাঠে পূর্ণবয়স্ক একটি হরিণের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট–বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলদলি এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে পূর্ণবয়স্ক সম্বর হরিণটির মৃতদেহ দেখতে পেয়েই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অনুমান পার্শ্ববর্তী ধুমচির জঙ্গল থেকে হরিণটি বেরিয়ে এসেছিল। খবর পেয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। রেঞ্জার শুভাশিস রায় জানান, পূর্ণবয়স্ক পুরুষ সম্বর হরিণটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Deer: মাঠ থেকে উদ্ধার হরিণের মৃতদেহ, চাঞ্চল্য মাদারিহাটে
















