আজকাল ওয়েবডেস্ক: দুই ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি। তবুও আইসিসি-র তিরস্কার হজম করতে হল ঋষভ পন্থকে।
হেডিংলি টেস্টের তৃতীয় দিন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ দেখিয়েছিলেন পন্থ। সেই কারণেই ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। হেডিংলি টেস্টের তৃতীয় দিনের ঘটনা। পন্থ লেভেল ওয়ান নিয়ম লঙ্ঘন করেছেন। পন্থের শৃঙ্খলা রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এই প্রথম এমন ঘটনা ঘটিয়েছেন পন্থ।
ইংল্যান্ডের ইনিংসের ৬১-তম ওভারের ঘটনা। সেই সময়ে হ্যারি ব্রুক ও বেন স্টোকস ক্রিজে ছিলেন। বল ‘গেজ’ দিয়ে আম্পায়াররা বলের আকৃতি ও আকার পরীক্ষা করছিলেন। তার পরে আম্পায়াররা বল বদল না করায় পন্থ মেজাজ হারান। আম্পায়ারদের সামনেই বল ছুড়ে মারেন।
হেডিংলি টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করে নেন পন্থ। শাস্তিও মেনে নেন তিনি। ফলে শুনানির আর প্রয়োজন হয়নি। লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ আর্থিক জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে নজির গড়লেন পন্থ। প্রথম ইনিংসে করেছিলেন ১৩৪। আর দ্বিতীয় ইনিংসে ১১৮। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে তিনি দ্বিতীয় উইকেটকিপার–ব্যাটার যিনি টেস্টের দুই ইনিংসেই শতরান করলেন। এই কৃতিত্ব আগে ছিল জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। যিনি ২০০১ সালে হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪২ ও অপরাজিত ১৯৯। আর এশিয়ান ক্রিকেটারদের মধ্যে পন্থ প্রথম টেস্টের দুই ইনিংসে করলেন শতরান।
পন্থের এটা টেস্টে অষ্টম শতরান। সপ্তম ভারতীয় ক্রিকেটার পন্থ যিনি টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন।
















