আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার বেশ কয়েক ঘণ্টা আগে বোমা ফাটিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ।
ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, দীর্ঘমেয়াদি ভিত্তিতে ক্লাবের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য, দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের সঙ্গে এখনও নতুন মরশুমের চুক্তি নিয়ে কথাবার্তা না এগোনো অস্কার বিদায়ের সম্ভাব্য কারণ।
অস্কার ব্রুজোঁ ইমামির সঙ্গে মিলে এই দলটি গড়েন। গতবছরের ফেব্রুয়ারি থেকে দলগঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন স্প্যানিশ কোচ। গত বছরের মে মাসের শেষের দিকে ৯০ শতাংশ স্কোয়াড ও নতুন সই হয়ে গিয়েছিল।
এখন ইতিমধ্যেই মে মাস। কিন্তু ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। একজন পেশাদার কোচ হিসেবে, কোনও প্রতিশ্রুতি ছাড়া কীভাবেই বা এগোতে পারেন অস্কার!
অস্কার বিস্ফোরণের কিছুক্ষণ পরেই লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থা ইমামির তরফ থেকে প্রায় একই সুরে জানিয়ে দেওয়া হল, ''এই মুহূর্তে আমাদের প্রধান মনোযোগ চলতি চ্যাম্পিয়নশিপের উপর।
এআইএফএফ-এর সরকারি ফুটবল ক্যালেন্ডার প্রকাশিত হলে আমরা দলের পরবর্তী গঠনপর্ব শুরু করব, খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ণ করব এবং ক্লাবের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।''
তাহলে কি ইমামিও এই অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে? ইমামির এহেন বার্তার পর এমন কথা মনে হওয়াই স্বাভাবিক। এমনকী ইমামির এহেন উদ্বেগের বার্তার পরে জলের মতো পরিষ্কার, এই অনিশ্চয়তার জন্যই অস্কারও আর ইস্টবেঙ্গলে কাজ চালিয়ে যেতে চাইছেন না ৩১ মে-র পর।
বিনিয়োগকারী সংস্থা ইমামির তরফে বিজ্ঞপ্তি জারি করে লেখা হয়েছে, ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সবারই জানা। ফুটবলের প্রকৃত শুভানুধ্যায়ী হিসেবে আমাদের প্রধান অংশীদার, কোচ ও খেলোয়াড়দের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে ক্যালেন্ডারের নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত আমরা কোনও প্রতিশ্রুতি দিতে পারছি না। তাই ফুটবলাররা নিজেদের কেরিয়ারের স্বার্থে যদি অন্য কোনও প্রস্তাব পায়, তাহলে তা নিয়ে চিন্তাভাবনা করতে পারে।''
বিনিয়োগকারী সংস্থা আরও জানিয়েছে, গত এক বছরে ভারতীয় ফুটবলে যে অস্থিরতা দেখা দিয়েছে, যার ফলে অনেক ক্লাবকে খেলোয়াড়দের বেতন কমাতে হয়েছে, সেই পরিস্থিতিতেও ইমামি ইস্টবেঙ্গল তাদের সমস্ত আর্থিক দায়বদ্ধতা সম্পূর্ণভাবে পালন করেছে, কোনও রকম বেতন কাটছাঁট ছাড়াই।
আইএসএলে ইস্টবেঙ্গল এখন বেশ ভাল জায়গায় রয়েছে। কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা উদ্বেগে রাখছে ইমামিকেও। অস্কারের বিদায় ঘোষণার দিন ইমামি যে ইঙ্গিত দিল তা রীতিমতো উদ্বেগের।















