আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে ইতিহাস তৈরি করলেন সুনীল নারিন। ক্যারিবিয়ান এই তারকা মিস্ট্রি স্পিনার প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নারিন এই কীর্তি গড়েন। নারিনের এই নজিরের দিনে আবেগঘন বার্তা দিয়েছেন কেকেআর মালিক শাহরুখ খান। কিং খান লেখেন, ''১৫ মরশুম, ২০০-র বেশি উইকেট, ৩টি শিরোপা, তুমি সত্যিই একজন জাদুকর। তুমি আমাদের পরিবারেরই একজন।''
ম্যাচে নারিনের ২০০-তম শিকার ছিলেন সলিল অরোরা। তাঁকে বোল্ড করেন নারিন। ম্যাচ শেষে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ২০১।
১৯৭টি আইপিএল ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নেন নারিন। হায়দরাবাদের মাটিতে কেকেআরের এই জয় কিন্তু নাইট শিবিরকে আত্মবিশ্বাসী করে তুলবে।
এই মাইলফলকের মাধ্যমে নারিন একাধিক নজির গড়ে ফেলেন। তিনি একমাত্র বোলার, যিনি একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ উইকেট নিয়েছেন। নারিন কেবলমাত্র কেকেআরের হয়েই খেলেন।
এছাড়া ২০০ উইকেটের ক্লাবে থাকা যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমারের সঙ্গে একই তালিকায় নাম লেখালেও নারিনের ইকোনমি রেট সবথেকে ভাল।
সোশ্যাল মিডিয়ায় নারিনকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই তাঁকে কেকেআরের ‘হৃদস্পন্দন’ বলে অভিহিত করেছেন।
কেউ কেউ আবার এমএস ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে তুলনা টেনে কেকেআরের কাছে নারিনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন।
চলতি আইপিএলে কেকেআরের পারফরম্যান্স
উত্থান-পতনের মধ্যে দিয়ে গয়েছে। প্রথম ৬ ম্যাচে জয়শূন্য থাকার পর জয়ের হ্যাটট্রিক করে নাইটরা। হায়দরাবাদের বিরুদ্ধে জিতলেও কলকাতা নাইট রাইডার্সের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। সেই আট নম্বরেই রয়েছে কেকেআর।
এই জয় কিন্তু কেকেআর শিবিরে অক্সিজেন ছড়িয়ে গেল। সুনীল নারিনের রহস্য এখনও কেউ উদঘাটন করতে পারল না।















