আজকাল ওয়েবডেস্কঃ আসছে খ্যাতনামা ফোটোগ্রাফার তথাগত ঘোষের নতুন ছবির প্রদর্শনী “বেহাগ”। ইন্দ্রাশিষ রায়, সৌরভ দাস, ডিম্পল আচার্যর মতো অভিনেতাদের সঙ্গে এই প্রদর্শনীর ছবিগুলোতে প্রখ্যাত মডেল নীল ও তিতাসকে পরিবেশন করেছেন তথাগত। 

আগামী ২ থেকে ৬ জুলাই বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট এন্ড কালচারে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রদর্শনী। তথাগত ঘোষ ও রেজারেকশন-এর যৌথ প্রয়াসে আয়োজিত এই প্রদর্শনীতে রাজকীয় ঘরানায় এক অন্দরমহলের গল্প বুনেছেন তথাগত।

প্রদর্শনীর বিষয়ে তথাগত জানিয়েছেন, “বেহাগ একটি নৈশ্য রাগ। এই রাগ রাতের কামনার কথা বলে, রাতের বুকে যে কামনা, কাছে পাওয়ার তীব্র ইচ্ছা, যে রাত একান্ত ও নিবিড়, সেই রাতের রাগ বেহাগ। অন্দরমহলের প্রচ্ছদে তেমনই এক রাতের আগমনী আমাদের এই প্রদর্শনী।" তিনি আরও বলেন, ভারতীয় ফ্যাশনের ইতিহাস যদি একটু দেখা যায়, তবে কিন্তু সেলাই করা পোশাকের সংযোজন অনেক পরে হয়েছে, আমাদের এই প্রদর্শনী ভারতের আদি সেই ফ্যাশন এবং সংস্কৃতিতে থানের ব্যবহারকে ঘিরেই গড়ে তোলা, পুরোটাই ড্রেপিংয়ের উপর ভিত্তি করে হয়েছে।" 

সৌরভ ও ইন্দ্রাশিষ এই মুহূর্তে বাংলার চলচ্চিত্র জগতে দু'জন অন্যতম ব্যক্তিত্ব। মডেলিং ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত নাম। ডিম্পলের অভিনেতা সত্ত্বাও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সকল কলাকুশলীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল বলে জানিয়েছেন তথাগত। একইসঙ্গে তাঁর বক্তব্য, "নীল একজন থিয়েটার অভিনেতা, সঙ্গে ভাল মডেলও এবং তিতাস খুব নির্ভরযোগ্য মডেল। ওদের দু'জনকেই দীর্ঘদিন চিনি । সকলে খুব পরিশ্রম করে কাজটা করেছি। আশা করি দর্শকদের ভাল লাগবে।”