আজকাল ওয়েবডেস্ক: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম টেস্টের চতুর্থ দিনে হেডিংলিতে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। ভারতের সহ-অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ব্যাট করার সময় হঠাৎই ক্ষমা চেয়ে বসলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের কাছে। কিন্তু কী এমন ঘটল তাদের মধ্যে? ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের ৩২তম ওভারে। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওকস রান আপ নিয়ে বল ছোড়ার মুহূর্তে ছিলেন।

সেই সময় পন্থ একেবারে শেষ মুহূর্তে স্টান্স ছেড়ে সরে দাঁড়ান, যা চমকে দেয় সকলকে। চমকে যান ক্রিস ওকস নিজেও। এই আচরণে হালকা বিরক্তি দেখা যায় ইংল্যান্ড শিবিরে। যদিও ঋষভ তৎক্ষণাৎ হাত তুলে ওকসকে উদ্দেশ্য করে বলেন, ‘সরি, ওকসি’। ওকসও পরিস্থিতি সামলে নিয়ে হেসে ফেলেন, তবে সেই মুহূর্তটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আবার এই ঘটনার কিছু ওভার পরেই ফের একবার বিতর্ক তৈরি করেন কেএল রাহুল। তিনিও একই রকমভাবে, ওকস বল ছোড়ার মুহূর্তে স্টান্স থেকে সরে দাঁড়ান।

এতে রীতিমতো বিরক্ত হয়ে পড়েন ওকস এবং একরাশ বিরক্তি নিয়ে ফিরে যান নিজের রান আপে। রাহুল অবশ্য তখনই ঘটনার ব্যাখা করেন। তিনি এক্সট্রা কভারের দিকে ইঙ্গিত করে বলেন, হাওয়ার জন্যই সরে দাঁড়িয়েছেন। যদিও অনেকে মনে করছেন, নন-স্ট্রাইকার এন্ডে থাকা পন্থ তখন ব্যাটের গ্রিপ ঠিক করছিলেন, সেটাও হয়তো মনোযোগ বিচ্ছিন্ন করার কৌশলের অংশ ছিল। ঋষভ পন্থ বরাবরই তাঁর ব্যাটিং স্টাইল ও সাহসী অ্যাপ্রোচের জন্য পরিচিত। তবে হেডিংলিতে এই আচরণ ভারতের পক্ষ থেকে মাইন্ড গেম বলেই দেখছেন অনেকে। শেষ পর্যন্ত এই ধরনের ট্যাকটিক্স খেলার গতি কতটা বদলাতে পারে, সেটা সময়ই বলবে।