আজকাল ওয়েবডেস্ক: আজকাল মোবাইল ফোন যেন মানুষের শরীরেরই এক অঙ্গ। তবে সব জায়গায় এই 'অঙ্গ'টিকে নিয়ে যাওয়া ঠিক নয়—বিশেষ করে টয়লেটে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টয়লেটে মোবাইল নেওয়ার অভ্যাস হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। প্রথমত, টয়লেট মানেই ব্যাকটেরিয়া ও জীবাণুর আখড়া। সেখানে মোবাইল ফোন নিয়ে গেলে তা সহজেই জীবাণুতে ঢেকে যেতে পারে, যা পরে মুখে বা হাতে ছড়িয়ে পড়ে অসুস্থতার কারণ হতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোনে থাকা ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক সময় টয়লেট সিটের থেকেও বেশি!

দ্বিতীয়ত, টয়লেটে মোবাইল ব্যবহারে বাড়ে 'ক্রস কন্টামিনেশন'-এর ঝুঁকি। হাত না ধুয়ে মোবাইল স্পর্শ করলে তা থেকে জীবাণু ছড়াতে পারে দরজার হাতলে বা ফ্লাশে, যা অন্যদের জন্যও ঝুঁকিপূর্ণ। তৃতীয়ত, মোবাইলে ব্যস্ত হয়ে টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকা থেকেও শরীরে সমস্যা হতে পারে। বাড়ে হেমোরয়েড (অর্শ)-এর ঝুঁকি, খারাপ হয় পায়ুপথের রক্তচাপ। এমনকি ভুল ভঙ্গিতে বসে থাকা থেকে হতে পারে কোমর বা ঘাড়ে ব্যথা।

আরও একটি বড় ক্ষতি—শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা পড়ে। অতিরিক্ত মোবাইল ব্যবহার মনোযোগ নষ্ট করে, যার ফলে হতে পারে কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটাই পরামর্শ—টয়লেট মানে মোবাইলের 'নো এন্ট্রি'। শরীরকে সময় দিন, মোবাইলকে নয়।