চুল পড়া, পাতলা হয়ে যাওয়া কিংবা  চুল বাড়ছে না এই সব সমস্যায় ভুগছেন অধিকাংশ মানুষ। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক ভাবে চুলের যত্নে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে রোজমেরি তেল। অনেকের দাবি, নিয়মিত ব্যবহার করলে এটি মাথার ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে চুলের গোড়া মজবুত হয় এবং নতুন চুল গজাতেও সহায়ক হতে পারে। তবে এর ফল পেতে ধৈর্য ও নিয়মিত ব্যবহার জরুরি।

কীভাবে বানাবেন রোজমেরি অয়েল?
ঘরেই খুব সহজে তৈরি করা যায় এই তেল। প্রয়োজন হবে ৩-৪টি তাজা রোজমেরির ডাঁটি (অথবা ২ টেবিল চামচ শুকনো রোজমেরি) এবং আধ কাপ ক্যারিয়ার অয়েল। ক্যারিয়ার অয়েল হিসেবে নারকেল তেল, অলিভ অয়েল বা জোজোবা অয়েল ব্যবহার করতে পারেন।
একটি পাত্রে ক্যারিয়ার অয়েল হালকা আঁচে গরম করুন। এরপর তাতে রোজমেরি দিয়ে প্রায় ৪০ মিনিট খুব কম আঁচে ফুটতে দিন। তেল ঠান্ডা হয়ে গেলে ছেঁকে কাচের বোতলে ভরে ঠান্ডা ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন।

কীভাবে ব্যবহার করবেন?
সপ্তাহে ২ থেকে ৩ দিন ১-২ চা চামচ রোজমেরি অয়েল মাথার ত্বকে লাগিয়ে ৫ মিনিট আলতো করে ম্যাসাজ করুন। অন্তত এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। চাইলে সারারাতও রেখে দিতে পারেন, যদি আপনার মাথার ত্বকে কোনও সমস্যা না থাকে।

আরও ভাল ফল পেতে এই তেলে মেথি বা কারিপাতা মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। তবে রোজমেরি এসেনশিয়াল অয়েল কখনও সরাসরি মাথার ত্বকে লাগাবেন না। সবসময় ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত।

কত দিনে মিলবে ফল?
রোজমেরি অয়েল কোনও জাদুকরি সমাধান নয়। নিয়মিত ব্যবহার করলেও দৃশ্যমান পরিবর্তন আসতে সাধারণত ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণেও নজর দিতে হবে।
যদি অতিরিক্ত চুল পড়া, মাথার ত্বকে সংক্রমণ বা অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে রোজমেরি অয়েল ব্যবহার শুরু করার আগে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রাকৃতিক উপাদান হলেও সবার ত্বক একরকম নয়, তাই সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ।