আধার এখন ভারতের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্কিং, সরকারি পরিষেবা, মোবাইল সিম, পেনশন থেকে শুরু করে বিভিন্ন আর্থিক লেনদেনে আধারের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।
2
12
এই পরিস্থিতিতে আধারের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নতুন আধার অ্যাপের মাধ্যমে এখন খুব সহজেই নিজের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করা যাবে।
3
12
এর ফলে আধার ব্যবহারকারীরা তাঁদের ব্যক্তিগত তথ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন এবং প্রতারণার ঝুঁকিও অনেকটাই কমবে।
4
12
প্রেস ইনফরমেশন ব্যুরো-র প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১.৯১ কোটিরও বেশি বার আধারের বায়োমেট্রিক লক/আনলক পরিষেবা ব্যবহার করেছেন দেশের বাসিন্দারা। এই পরিষেবার জনপ্রিয়তা থেকেই স্পষ্ট যে, সাধারণ মানুষ তাঁদের আধার তথ্যের নিরাপত্তা নিয়ে আগের তুলনায় অনেক বেশি সচেতন হচ্ছেন।
5
12
বায়োমেট্রিক লক হল এমন একটি নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে আধার নম্বরধারীরা তাঁদের ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফেস অথেনটিকেশন সাময়িকভাবে বন্ধ করে রাখতে পারেন। একবার বায়োমেট্রিক লক হয়ে গেলে, কোনও সংস্থা বা ব্যক্তি আধারের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করতে পারবে না।
6
12
UIDAI-এর মতে, এই ফিচারের মূল উদ্দেশ্য হল আধার ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা। ফলে কেউ যদি আপনার অজান্তে বায়োমেট্রিক ব্যবহার করে আধার অথেনটিকেশন করার চেষ্টা করেন, তা ব্যর্থ হবে।
7
12
একবার বায়োমেট্রিক লক হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস বা ফেস স্ক্যান ব্যবহার করে কোনও ধরনের আধার অথেনটিকেশন করা সম্ভব হবে না। যদি কেউ লক থাকা অবস্থায় বায়োমেট্রিক যাচাইয়ের চেষ্টা করেন, তাহলে UIDAI-এর সিস্টেমে '330' ত্রুটি কোড দেখাবে। এর অর্থ হল সংশ্লিষ্ট আধারের বায়োমেট্রিক তথ্য লক করা রয়েছে এবং সেই কারণে অথেনটিকেশন সম্পন্ন করা যাবে না।
8
12
যাঁদের আধারের সঙ্গে মোবাইল নম্বর নিবন্ধিত রয়েছে, তাঁরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। মোবাইল নম্বর ভেরিফাই করা থাকলে নতুন আধার অ্যাপের মাধ্যমে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই বায়োমেট্রিক লক বা আনলক করা যাবে।
9
12
নতুন Aadhaar অ্যাপ খুলে লগ-ইন করুন এবং নিজের MPIN প্রবেশ করুন। এরপর "Biometrics Unlocked" অপশনে ট্যাপ করুন। তারপর "Confirm Biometrics Lock"-এ ট্যাপ করলেই আপনার আধারের বায়োমেট্রিক তথ্য লক হয়ে যাবে।
10
12
কীভাবে আনলক করবেন? Aadhaar অ্যাপ খুলে লগ-ইন করুন এবং MPIN দিন। এবার "Biometrics Locked" আইকনে ট্যাপ করুন। এরপর "Confirm Unlock Biometrics"-এ ট্যাপ করলেই প্রয়োজন অনুযায়ী বায়োমেট্রিক আনলক হয়ে যাবে এবং আপনি আবার বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করতে পারবেন।
11
12
বর্তমানে সাইবার প্রতারণা এবং পরিচয় জালিয়াতির ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে আধারের বায়োমেট্রিক তথ্য লক করে রাখলে অনুমতি ছাড়া কেউ আপনার ফিঙ্গারপ্রিন্ট, আইরিস বা মুখের তথ্য ব্যবহার করে আধার যাচাই করতে পারবে না।
12
12
যখনই কোনও পরিষেবার জন্য বায়োমেট্রিকের প্রয়োজন হবে, তখন কয়েক মুহূর্তের জন্য সেটি আনলক করে আবার কাজ শেষে পুনরায় লক করে দেওয়া যাবে। UIDAI-এর এই নতুন উদ্যোগ আধার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও শক্তিশালী করবে এবং ডিজিটাল পরিষেবা ব্যবহারে বাড়তি আস্থা জোগাবে।