আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলে ভবিষ্যতের তারকা হিসেবে ধরা হচ্ছে স্পেনের উঠতি প্রতিভা লামিন ইয়ামালকে। বার্সা এবং স্পেনের হয়ে ইতিমধ্যেই একাধিকবার নিজের জাদু দেখিয়েছেন ইয়ামাল। রবিবার রাতে নেশনস লিগের ফাইনালেও আরও একবার লামিন জাদু দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার বদলে গোল করে ফের একবার বড় মঞ্চে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুঝিয়ে দিলেন, ৪০ বছর বয়স হলেও তিনি এখনও ফুরিয়ে যাননি। তবে পর্তুগালের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে লামিনের সঙ্গে ক্রিশ্চিয়ানোর তুলনা। জয়ের পরে রোনাল্ডো এবার মুখ খুললেন লামিন ইয়ামালকে নিয়ে।
পর্তুগালের কিংবদন্তি ফরোয়ার্ড স্পষ্ট ভাষায় জানালেন, ইয়ামালের কেরিয়ারে এখনও উন্নতির প্রচুর সুযোগ রয়েছে। তাঁকে এখনই চাপের মুখে না ফেলে একা থাকতে দেওয়া উচিত। রোনাল্ডো বলেন, ‘ও প্রচুর শিরোপা জিতবে, দলগত এবং ব্যক্তিগত—দু’ভাবেই। মাত্র ১৭ বছর বয়স… আমি আবার বলছি, ও একজন বিস্ময়, কিন্তু ওকে একটু একা থাকতে দিন—এইটাই আমার অনুরোধ। ওর সামনে অনেক বড় কেরিয়ার পড়ে আছে, এবং আমি নিশ্চিত, ও ভবিষ্যতে বহু ট্রফি জিতবে’। এখানেই থেমে থাকেননি সিআরসেভেন। স্পেনের কোচ দে লা ফন্তের সিদ্ধান্তেরও প্রশংসা করেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে ইয়ামালকে তুলে নেওয়া নিয়ে উঠছিল প্রশ্ন।
সেই প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘আমি তো কোচ নই, উনি ভাল জানেন যে কী করলে দলের উপকার হবে। তিনি ইতিমধ্যেই স্পেনের হয়ে অনেক শিরোপা জিতেছেন। তাহলে আর কী চাই? যদি কোচ এমন সিদ্ধান্ত নেন, তা হলে নিশ্চয়ই তিনি ভেবেই করেছেন, কীভাবে দলকে আরও উন্নত করা যায়’। নিজের ক্যাবিনেটে আরও একটি ট্রফি যোগ করলেন সিআরসেভেন। পর্তুগিজ তারকার ভূয়সী প্রশংসায় কোচ থেকে সতীর্থরা। কোচ রবার্তো মার্টিনেজ বলেন, 'একজন অধিনায়ক যার এত অভিজ্ঞতা রয়েছে, তাঁর চারিত্রিক দৃঢ়তার বহির্প্রকাশ দরকার ছিল। স্পেন দু'বার এগিয়ে গিয়েছিল। তবে আমাদের অধিনায়কের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমরা সেটা কাজে লাগিয়েছি।'
















