আজকাল ওয়েবডেস্ক: ধোনি আইপিএল খেলবেন? তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে, সোমবার জানা গিয়েছে, দলের সঙ্গে দিল্লি যাননি তিনি। থেকে গিয়েছেন চেন্নাইয়েই। এদিকে, রোহিত শর্মা কবে ফিরবেন সেটাও বোঝা যাচ্ছে না। সিদ্ধান্ত নেওয়ার ভার রোহিতের উপরেই ছেড়ে দিয়েছে মুম্বই।
প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে খেলবে চেন্নাই। তবে ধোনির কাফ মাসলে চোট রয়েছে। তার চিকিৎসা করাতে ধোনি চেন্নাইয়েই থেকে গিয়েছেন বলে জানা গিয়েছে দলের সূত্রে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দলের এক সূত্র বলেছেন, ‘আইপিএলে পরের দিকে কোনও এক সময় ধোনিকে পাওয়া যাবে।’ ধোনি এখনও ম্যাচ ফিট নন। আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি চেন্নাইয়ের।
দিল্লির পর চেন্নাই খেলবে লখনউয়ের বিরুদ্ধে। এর পর তারা হায়দরাবাদ এবং গুজরাটের বিরুদ্ধে খেলবে। ৯ ম্যাচে ৪টি জিতে এখনও প্লে–অফের দৌড়ে রয়েছে চেন্নাই। তবে প্রিয় ক্রিকেটারকে কবে দেখতে পাওয়া যাবে, সেই আশায় দিন গুণছেন ভক্তেরা।
অন্যদিকে, রোহিত অবশ্য মুম্বই দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন। তবে খেলতে পারবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ভার রোহিতের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। ১২ এপ্রিলের পর থেকে খেলেননি রোহিত। রবিবার তিনি ওয়ানখেড়েতে এক ঘণ্টা অনুশীলন করেছেন। তবে আইপিএলে মুম্বইয়ের অবস্থা মোটেও ভাল নয়। পয়েন্ট টেবিলে শেষের দিকে আছে মুম্বই।















