আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝে ধাক্কা খেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেশে ফিরে গেলেন ফিল সল্ট। আঙুলে চোট পেয়েছেন আরসিবির উইকেটকিপার ব্যাটার। স্ক্যান করতে ফিরলেন ব্রিটেনে। যার ফলে লিগের শেষ তিন ম্যাচে পাওয়া যাবে না সল্টকে। ওপেন করবেন জেকব বেথেল। রিপোর্ট অনুযায়ী, এখনও ফিলের চোটের ধরন জানানো হয়নি আরসিবির পক্ষ থেকে। কিন্তু শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস ম্যাচে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় বাঁ আঙুলে চোট পান ব্রিটিশ তারকা। চলতি বছর শুরুটা ভাল করেছিলেন সল্ট। ৬ ইনিংসে ২০২ রান করেন। স্ট্রাইক রেট ১৬৮.৩৩। প্রত্যেক ম্যাচেই শুরুতে তাঁর আগ্রাসী ব্যাটিং পাওয়ার প্লেতে এগিয়ে দেয় বেঙ্গালুরুকে। তিন ম্যাচে তাঁকে না পাওয়া বড় ধাক্কা।
সল্ট এবং আরসিবির আশা, সঠিক সময় ফিট হয়ে যাবেন সল্ট। আইপিএলের নক আউট পর্বে তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী বেঙ্গালুরু। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময় চোট পান তারকা বিদেশি। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর আইপিএলে ফর্ম ফিরে পান। আহমেদাবাদে গুজরাট টাইটানসের কাছে হারের পর আপাতত ছ'দিনের বিরতি। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরের ম্যাচ। তার আগে অনেকেই থাইল্যান্ড সফরে গিয়েছেন। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু'নম্বরে আরসিবি। সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করে এক নম্বরে পাঞ্জাব। শেষ দুই ম্যাচে হেরেছে শ্রেয়স আইয়াররা। একটি ম্যাচ জিতলেই পাঞ্জাবকে ছুঁয়ে ফেলবে বেঙ্গালুরু।















