নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই প্রভাস অভিনীত দক্ষিণী ছবি 'স্পিরিট' ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবিতে দীপিকার প্রস্থানের কারণ ছিল তার ৮ ঘণ্টা কাজ করার শর্ত। কিন্তু এই শর্তে রাজি হননি নির্মাতারা। তাই বাদ পড়েছেন অভিনেত্রী। উঠেছিল দীপিকার পারিশ্রমিক নিয়েও জল্পনা। এরপর খবর এসেছিল 'কল্কি ২' থেকেও বাদ পড়তে চলেছেন দীপিকা।
জানা যাচ্ছে, মাতৃত্ব এবং কাজ একসঙ্গে সামাল দেওয়ার জন্য দীপিকা যেভাবে সময় বেঁধে দিচ্ছেন, তাতে নাকি নির্মাতারা বেশ অসন্তুষ্ট। আর সেই প্রেক্ষিতেই নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি'র সিক্যুয়েল থেকে বাদ পড়তে পারেন দীপিকা। মা হওয়ার পর একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবি থেকে বাদ পড়া নিয়ে এতদিন মুখ খোলেননি দীপিকা। তবে এবার যেন যোগ্য জবাব দিলেন। সন্দীপ রেড্ডি বঙ্গা থেকে শুরু করে নাগ অশ্বিনের ছবিকে তোয়াক্কা না করে সোজা অ্যাটলির ছবিতে 'ক্যুইন' হয়ে ধরা দিলেন তিনি। এবার দীপিকার বিপরীতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
ছবিতে পুনর্জন্মের কাহিনি দেখা যাবে। একসময়ে শোনা গিয়েছিল, এই মেগাবাজেট ছবির জন্য সলমন খানের কাছে প্রস্তাব গিয়েছে। তবে বক্স অফিসে ভাইজানের মন্দা বাজারে সেই প্রস্তাব হাত ঘুরে যায় আল্লু অর্জুনের কাছে। জানা যাচ্ছে, এপ্রিল-মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। পুনর্জন্মের প্রেক্ষাপটে অ্যাটলি পরিচালিত এই ছবির প্রযোজনা করবে ডাকসাইটে তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। সেই ছবিতেই বীরাঙ্গনার ভূমিকায় দীপিকা পাড়ুকোন। শনিবার সমাজমাধ্যমে ছবির সেট থেকে কিছু দৃশ্য ভাগ করে এই সুখবর দিলেন অ্যাটলি। ওই ভিডিওতেই দীপিকাকে তাঁর ছবির 'ক্যুইন' বলে সম্বোধন করেন পরিচালক।















