২০২৫ সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া মহাকুম্ভ মেলা থেকে হঠাৎই জনপ্রিয়তা পান মোনালিসা ভোঁসলে। তাঁর চোখে মুগ্ধ হয় নেটপাড়া। আর সেই জনপ্রিয়তার হাত ধরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলিউডের জনপ্রিয় পরিচালক সনোজ মিশ্র। তাঁকে তাঁর আগামী ছবিতে কাস্ট করেন। সম্প্রতি প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন মোনালিসা। তারপরই সনোজ মিশ্রর নামে হেনস্থার অভিযোগ আনেন। এবার সোজাসুজি পোসকো ধারায় মামলা করলেন! 

প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পোসকো অ্যাক্টের অধীনে সনোজ মিশ্রের নামে এদিন অভিযোগ দায়ের করলেন মোনালিসা। তবে কেবল পরিচালক একা নন। তালিকায় আছেন আরও ৩ জন। এঁদের অন্যতম হলেন ভিএইচপি নেতা এবং আইনজীবী অনিল বিলায়িল। এর্নাকুলাম সেন্ট্রাল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন তিনি। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে বুধবার, ২৯ এপ্রিল পোসকো মামলার অধীনে এফআইআর দায়ের করেছেন তিনি। কী জানিয়েছেন মোনালিসা ভোঁসলে এই অভিযোগে? 'দ্য ডায়েরি অফ মণিপুর' ছবির শুটিংয়ের সময় সনোজ মিশ্র তাঁর সঙ্গে অসভ্যতা করেছেন বলেই অভিযোগে জানিয়েছেন মোনালিসা। অভিযোগ দায়ের করার সংবাদমাধ্যমের মুখোমুখিও হন তিনি। সেই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সনোজ মিশ্র তাঁকে খারাপ ভাবে ১০ বার ছুঁয়েছেন। এই বিষয়টা তিনি তাঁর পরিবার জানিয়েছিলেন। কিন্তু সমর্থন পাননি। ফলে সেই সময় অভিযোগ দায়ের করতে পারেননি। 

আইনজীবী অনিল বিলায়িলের বিরুদ্ধে সমাজমাধ্যমে তাঁকে অসম্মান করার চেষ্টার অভিযোগ এনেছেন মোনালিসা। ইতিমধ্যেই কোর্টে তিনি তাঁর গোপন জবানবন্দি দিয়েছেন। জানা গিয়েছে জ মধ্যপ্রদেশ পুলিশের কাছে এই কেস ট্রান্সফার করে দেওয়া হবে কারণ সেখানেই ঘটেছিল এই ঘটনাটি। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, চলতি বছরের গোড়ার দিকে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান মোনালিসা। তাঁর প্রেমিক ফরমান খান ভিন ধর্মের হওয়ার কারণে তাঁদের সম্পর্ক বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি। তাই তাঁরা পালিয়ে গিয়ে কেরলে বিয়ে করেন। এরপরই জানা যায়, মোনালিসার এখনও ১৮ বছরই হয়নি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফরমান খানের বিরুদ্ধে মোনালিসাকে অপহরণের অভিযোগে দায়ের করা হয়েছে।