আজকাল ওয়েবডেস্ক: পরিবর্তন হতে পারে আসন্ন ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নাম। জানা গিয়েছে, এবার নতুন এক ট্রফির জন্য মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। ট্রফির নামকরণ করা হয়েছে দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর ও জেমস অ্যান্ডারসনের নামে। ঐতিহাসিক হেডিংলেতে আগামী ২০ জুন শুরু হচ্ছে এই টেস্ট সিরিজ।

২০০৭ সালে শুরু হওয়া পতৌদি ট্রফি এতদিন ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য নির্ধারিত ছিল। এই ট্রফিটি ভারতের প্রাক্তন দুই অধিনায়ক ইফতিখার আলি খান পাতৌদি ও মনসুর আলি খান পাতৌদির স্মৃতিতে তৈরি হয়েছিল। কিন্তু এবারের সিরিজে আর থাকছে না সেই নাম। এবার থেকে দুই দেশের মধ্যে ইংল্যান্ডে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির জন্য।

ক্রিকেট বিশ্বে দুটি বড় নাম শচীন তেন্ডুলকর ও জেমস অ্যান্ডারসন। শচীন ২০০ টেস্টে ১৫,৯২১ রান করে এখনও পর্যন্ত টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে, অ্যান্ডারসন ৭০৪ উইকেট নিয়ে বিশ্বের সর্বাধিক সফল পেসার এবং ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি। পরিসংখ্যান বলছে, এই দুই কিংবদন্তির মধ্যে টেস্টে মুখোমুখি লড়াই হয়েছে ১৪ বার, যেখানে অ্যান্ডারসন একাই ৯ বার আউট করেছেন শচীনকে। শচীনের বিরুদ্ধে কোনও বোলারের সর্বোচ্চ সাফল্য এটাই।

উল্লেখ্য, এই খবর সামনে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। ইংল্যান্ড বোর্ডের এই সিদ্ধান্তের পর প্রাক্তন ভারত অধিনায়ক বিরক্তি প্রকাশ করে বলেন, ঐতিহ্যবাহী পতৌদি ট্রফি তুলে দেওয়ার সিদ্ধান্ত “অসম্মানজনক”। তবে সিরিজ শুরুর আগে এই ধরনের সিদ্ধান্ত ক্রিকেট ইতিহাসে প্রথম নয়। যেমন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে ২০২৪ সালে "ক্রো-থর্প ট্রফি" চালু হয়েছিল। যা দুই দেশের ক্রিকেটার মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের নামে নামাঙ্কিত।