আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের কর্মীদের ভিসা দেওয়ার ব্যবস্থা বন্ধ করার ঘোষণা করেছে ইজরায়েল। রাষ্ট্রসঙ্ঘের কোনও কোনও কর্মকর্তা-কর্মচারী গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছে ইজরায়েল।
মঙ্গলবার এই ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তের ঘোষণা করেন ইজরায়েলের মুখপাত্র এইলন লেভি। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।
লেভি বলেন, গাজায় বর্তমান সংঘাতের সময় রাষ্ট্রসঙ্ঘের কর্মীরা ইজরায়েলের ওপর দোষ চাপাচ্ছেন এবং হামাসের দোষ আড়াল করছেন। এই অভিযোগ এনে তিনি রাষ্ট্রসঙ্ঘের কর্মকর্তাদের নিন্দা করেন।
ইজরায়েলের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের কর্মীরা ভিসার অনুরোধ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না; বরং ভিসার বিষয়ে খুঁটিনাটি যাচাই-বাছাই করে দেখা হবে।
ইসরায়েলের মুখপাত্র এইলন লেভি বলেন, রাষ্ট্রসঙ্ঘের যেসব কর্মকর্তা-কর্মচারী হামাসের সঙ্গে প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করবে, তাদের সঙ্গে ইজরায়েল কাজ করা বন্ধ করে দেবে। ইজরায়েল তার মিত্রদের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।