আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির অবসরের পর আবেগঘন পোস্ট করেছেন মহম্মদ সিরাজ। বিরাটের অধিনায়কত্বেই সিরাজ আইপিএল থেকে উঠে এসে টেস্টে সুযোগ পেয়েছিলেন। বর্তমানে জাতীয় দলে বোলিং বিভাগের অন্যতম ভরসা তিনি। সোমবার বিরাট কোহলি ইনস্টাগ্রামে টেস্ট ক্রিকেট অবসরের কথা ঘোষণা করেন। এরপরই সিরাজ সোশ্যাল মিডিয়ায় নিজের ‘ভাইয়া’ ও ‘সুপারহিরো’ কোহলিকে উদ্দেশ্য করে কৃতজ্ঞতা ও ভালবাসায় ভরা একটি পোস্ট করেন।

তিনি লেখেন, ‘আমার সুপারহিরোকে, টেস্ট ক্রিকেটে দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন। আপনার উত্তরাধিকার চিরকাল থাকবে। আপনি আমার মতো অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন এবং ভবিষ্যতেও করবেন। শুধু ড্রেসিংরুমটা আর আগের মত থাকবে না। সবসময় আমাকে ভরসা করার ও অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল’। 

সিরাজ নিজের পোস্টে ২০২১ সালে লর্ডস টেস্টের নিজের অসাধারণ পারফরম্যান্স-সহ কোহলির সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্তের ছবিও শেয়ার করেন। উল্লেখযোগ্যভাবে, সিরাজ টেস্ট অভিষেক করেছিলেন ২০১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে। পরবর্তীকালে ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দলের ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিরাজের পোস্টে ভালবাসার ইমোজি দেন কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও।