আজকাল ওয়েবডেস্ক: ষষ্ঠবার বিশ্বজয় করার জন্য তৈরি হচ্ছে ব্রাজিল। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষিত হবে। কিন্তু নেইমারকে ঘিরে ধোঁয়াশা বাড়ছে। চোটের জন্য ২০২৩ সাল থেকে ব্রাজিলের জাতীয় দল থেকে বাদ তারকা ফুটবলার। বিশ্বকাপের দলে কি শেষপর্যন্ত জায়গা পাবেন নেইমার? এই বিষয়ে খোলসা করলেন কার্লোস হেনরিক ক্যাসিমিরো। দুটো বিশ্বকাপে আট ম্যাচ খেলেন ব্রাজিলীয় মিডফিল্ডার। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেন। তিনি মনে করছেন, ফিটনেস সমস্যা থাকলে, নেইমারকে প্রথম একাদশে না রাখা হলেও, রিজার্ভ দলে রাখা যেতে পারে।
গত দুই বছরে ক্লাব এবং দেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি নেইমার। লাগাতার চোটের জন্য অধিকাংশ সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছে। সেই কারণেই তাঁর ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রিয়েল মাদ্রিদ ছাড়ার পর ২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। তার আগেই জাতীয় দল থেকে ছিটকে যান নেইমার। ২০২৬ বিশ্বকাপ ইতালীয় কোচের অধীনে খেলবে ব্রাজিল। গত ছয় দশকে বিশ্বকাপে দেশের প্রথম বিদেশি কোচ। ক্যাসিমিরো মনে করছেন, পুরো ম্যাচে খেলানো না হলেও, নির্দিষ্ট কিছু সময় নেইমারকে ব্যবহার করা যেতে পারে। ওর ফিটনেস এবং শারীরিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ক্যাসিমিরো বলেন, 'আমার মতে, নেইমারের সেরকম অসুবিধা কোনওদিনই ছিল না। জাতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য ওর কাছে বয়স এবং অভিজ্ঞতা দুটোই আছে। তবে ও কোনওদিন সেই নিয়ে ভাবেনি। ও সবসময় বলে, আমাকে বল দাও, এসো মজা করে ফুটবল খেলি। আমি মাঠে উপভোগ করতে চাই। ওর বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে। আমার মনে হয়, যদি আনচেলত্তি ওকে বেঞ্চে বসার কথা বলে, ও রাজি হয়ে যাবে। কারণ ও বিশ্বকাপে খেলতে মরিয়া।' নেইমারকে ফেরানোর সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে আনচেলত্তির ওপর। দলে প্রসিদ্ধ প্লেয়ারের পাশাপাশি চোট থেকে ফেরা ফুটবলাররাও রয়েছে। ক্যাসিমিরো মনে করেন, ভূমিকা নিয়ে সরাসরি নেইমারের সঙ্গে কথা বলা উচিত। বিশ্বকাপের দল থেকে নেইমারকে বাদ দিয়ে দেননি আনচেলত্তি। কিন্তু সময়ের মধ্যে নির্দিষ্ট ফিটনেস লেভেলে তারকা ফুটবলার পৌঁছতে পারবে কিনা সেটাই প্রশ্ন। বর্তমানে ব্রাজিলের স্যানটোস এফসিতে রয়েছেন নেইমার। ২০২৫ সালে ছেলেবেলার ক্লাবে ফিরে যান। চোটের জন্য আল হিলাল মাঝপথে তাঁর সঙ্গে চুক্তি শেষ করে। সৌদি আরবের দলের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেন নেইমার। বর্তমানে ফিটনেসে নজর দিয়েছেন ব্রাজিলীয় তারকা। স্বপ্ন নিজের শেষ বিশ্বকাপ খেলা।















