আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য পাঁচ ম্যাচ মিস করার পর মাঠে ফিরেই প্রভাব ফেলেন রোহিত শর্মা। সোমবার লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ৪৪ বলে ৮৪ রান করেন হিটম্যান। মারকুটে ইনিংসে ছিল ৭টি ছয়, ৬টি চার। স্ট্রাইক রেট ১৯০.৯১। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রোহিত। খেলে ফেলেন আইপিএলে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ। নিজের ২৭৭তম ম্যাচ খেলেন প্রাক্তন মুম্বই অধিনায়ক। একধাপ এগিয়ে গেলেন বিরাট কোহলির থেকে। তাঁর ম্যাচ সংখ্যা ২৭৬। একনম্বরে এমএস ধোনি। আইপিএলে ২৭৮ ম্যাচ খেলেন ক্যাপ্টেন কুল। আর একটি ম্যাচ খেললেই তাঁকে ধরে ফেলবেন রোহিত।

চলতি আইপিএলে একটিও ম্যাচ খেলেননি ধোনি। সুতরাং, কয়েকদিনের মধ্যেই তাঁর এই রেকর্ড ছাপিয়ে যাবেন রোহিত এবং কোহলি। শেষমেশ দু'জনের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ কে খেলবে, সেটাই দেখার। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। হার্দিক পাণ্ডিয়া না খেলায়, নেতৃত্বের ভার ছিল স্কাইয়ের ওপর। নিকোলাস পুরান (৬৩), মিচেল মার্শ (৪৪) এবং হিম্মত সিংয়ের (৪০) দাপটে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে লখনউ। জবাবে প্রথম উইকেটে ১৪৩ রান যোগ করেন রোহিত শর্মা এবং রায়েন রিকেলটন। যার ফলে ১৮.৪ ওভারের মধ্যে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। ৩২ বলে ৮৩ করেন রিকেলটন। ৪৪ বলে ৮৪ করেন রোহিত। ১০ ম্যাচের মধ্যে সাত ম্যাচ হেরে টেবিলের নবম স্থানে মুম্বই। শেষ পজিশনে লখনউ। প্লে অফের কোনও আশা নেই এই দুই দলের সামনে।