আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং কেএল রাহুলের এলিট তালিকায় ঢুকে পড়লেন সঞ্জু স্যামসন। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলার পর নয়া নজির গড়লেন কেরলের উইকেটকিপার ব্যাটার। এবছর ১৮ কোটির বিশাল অঙ্কে রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দেন সঞ্জু। চলতি আইপিএলে প্রথম পাঁচ সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে আছেন চেন্নাইয়ের তারকা। কমলা টুপির সমান দাবিদার তিনি। ১০ ম্যাচে ৪০২ রান করেন স্যামসন। গড় ৫৭.৪২। মঙ্গলবার ৫২ বলে অপরাজিত ৮৭ রান করে ম্যাচের সেরা হন চেন্নাইয়ের তারকা। 

এদিন জোড়া রেকর্ড করেন সঞ্জু। প্রথম ব্যাটার হিসেবে এক মরশুমে দু'বার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০০ রানের পার্টনারশিপে সামিল হন। চলতি মরশুমে চেন্নাইয়ে দিল্লির বিরুদ্ধে প্রথম শতরান করেন স্যামসন। অপরাজিত ১১৫ রান করেন। চলতি আইপিএলে দিল্লির বিরুদ্ধে ২০২ রান। আইপিএলের এক সংস্করণে নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে তৃতীয় সর্বোচ্চ গড়। তালিকায় একমাত্র বিরাট কোহলি এবং কেএল রাহুল তাঁর থেকে এগিয়ে। ২০১৬ আইপিএলে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২০৯ রান করেন বিরাট কোহলি। তাতে ছিল দুটো শতরান। রেকর্ড ব্রেকিং মরশুম ছিল তারকা ক্রিকেটারের। ১৬ ইনিংসে ৯৭৩ রান করেন। দ্বিতীয় স্থানে রাহুল। ২০২২ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০৬ রান করেন। তারমধ্যে ছিল জোড়া শতরান। এবার সেই তালিকায় যুক্ত হলেন সঞ্জু। দিল্লির বিরুদ্ধে দাপুটে আট উইকেটে জয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল চেন্নাই।