নিজস্ব সংবাদদাতা: ঘোষণার পর থেকেই 'মৃগয়া' নিয়ে আগ্রহ বাড়ছিল দর্শকমহলে। একে মার্ডার মিস্ট্রি তার উপর কপ-অ্যাকশন থ্রিলার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জী এবং রিজওয়ান রব্বানি শেখ। এছাড়াও ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস-কে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরূপ ঘোষ। সোমবার ছবির মুখ্যভিনেতাদের ফার্স্ট লুক সমাজমাধ্যমে ভাগ করে নিলেন খোদ ঋত্বিক।
ছবি থেকেই স্পষ্ট কলকাতা পুলিশের এক্তিয়ারে অবস্থিত কোনও থানার দায়িত্বপ্রাপ্ত ওসি ঋত্বিক। ছবিতে তাঁর নাম ‘গান্ধী’। ঠান্ডা মাথার এই পুলিশ আধিকারিক যেমন মজার ততটাই বুদ্ধিমান। এবং খাদ্যরসিক। সূত্রের খবর, মৃগয়াতে জমিয়ে অ্যাকশন-ও করেছেন ঋত্বিক! অভিনেতার সেইসব দৃশ্যে রয়েছে দক্ষিণী স্টাইলের ছোঁয়া। বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনীত চরিত্রটির নাম ‘অনিমেষ’। ঋত্বিকের থানায় জুনিয়র অফিসার। স্বভাবগম্ভীর। প্রয়োজনে দায়িত্ব পাওয়া তদন্তের রহস্য সমাধানের জন্য যে কোনও পর্যায় চলে যেতে পারে।
অনির্বাণ চক্রবর্তীর চরিত্রটি এখানে একজন প্রযুক্তি বিশারদ আধিকারিকের। ষন্ডামার্কা দবাং পুলিশ আধিকারিক নয়, বরং খানিক ভীতু গোছের। অ্যাকশন, বিপদের সম্ভাবনা রয়েছে এমন মিশনে যেতে তাঁর বেজায় আপত্তি অথচ তাঁর নাম ‘রুদ্র’। অন্যদিকে, বেশ কিছু সময়ের পর বড়পর্দায় ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। ছবিতে তাঁর নাম ‘ইমরান’। মার্শাল আর্টে দক্ষ রেইড স্পেশ্যালিস্ট অফিসার। প্রয়োজনে যাঁর হাত ও মুখ দুই-ই সমান চলে। অল্পতেই মাথাগরম। অপরাধীদের কাছে মূর্তিমান বিভীষিকা। জানা গিয়েছে, ছোটপর্দার মিষ্টি প্রেমের এই নায়ককে পাল্লা দিয়ে কঠিন সব স্টান্ট, হ্যান্ড কম্ব্যাট, সোর্ড ফাইট করতে দেখা যাবে এই ছবিতে। উল্লেখ্য, অনির্বাণ অভিনীত চরিত্রটি এবং রিজওয়ানের অভিনীত চরিত্রটি একে অপরকে সহ্য করতে পার না। যাকে বলে নারদ-নারদ।
কলকাতা পুলিশে কর্মরত আধিকারিক দেবাশিস দত্তের সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে ‘মৃগয়া’র গল্প। কলকাতার এক অঞ্চলে রহস্যজনক মৃত্যু ঘটে এক তরুণীর। সেই সাক্ষীহীন, রহস্যজনক খুনের তদন্তে নেমে ধীরে ধীরে বিপজ্জনক অনেককিছুর সন্ধান পাওয়া শুরু করে তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। সেই তদন্তের সমাধানেই ঋত্বিকের নেতৃত্বে তৈরি হয় এই চারজনের দল।
এছাড়াও ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং নবাগতা সুস্মিতা রায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে বড়পর্দায় মুক্তি পাবে ‘মৃগয়া’।
















