আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও রেশন ডিলার বাকিবুর রহমানের। দু’‌জনেই আপাতত জেলে আছেন। এছাড়া ১০টি সংস্থার নাম রয়েছে চার্জশিটে। মঙ্গলবার সকালে বিশেষ ইডি আদালতে চার্জশিট পেশ করে ইডি। 
প্রসঙ্গত, রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথমে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গত অক্টোবর মাসে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা এবং তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তারপর শুরু হয় ইডির জিজ্ঞাসাবাদ। ইডির দাবি, এই মামলার তদন্ত যত এগিয়েছে, তত স্পষ্ট হয়েছে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়–বাকিবুরের যোগসাজশের বিষয়টি। এদিন চার্জশিটেও সেই যোগসাজশের উল্লেখ রয়েছে বলে খবর।