আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে বড়সড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। তবে পুরনো ক্রিকেটারকে দলে ফেরাতেই প্রায় অর্ধেক টাকা খরচ করে ফেলল কেকেআর। ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনল কেকেআর। এদিন নিলামে ৫১ কোটি টাকা নিয়ে নিলামে বসেছিল কলকাতা। আগের বছর যে বাজেটে মিচ স্টার্ককে কেকেআর কিনেছিল সেই বাজেটে তাঁকে দলে নেয়।
কিন্তু বিড করে প্রথম ক্রিকেটার কিনল তাঁরা। আর প্রথম বিডেই বড় চমক। ভেঙ্কটেশ আইয়ারের দাম যে এতটা উঠবে কেউই ভাবতে পারেননি। কিন্তু ভেঙ্কিকে দলে নিয়ে উল্টে এবার সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে কেকেআর ম্যানেজমেন্টকে। তাদের দাবি, যদি এত টাকা খরচ করতেই হত তাহলে তো রিটেন করাই ভাল ছিল। বরং তুলনায় কম টাকা খরচ হত, অন্য খেলোয়াড়কে কিনতে পারত কলকাতা।
প্যাট কামিন্সের পর সবথেকে বেশি দামি অলরাউন্ডার বর্তমানে ভেঙ্কটেশ। একে তো বাজেট কম তার ওপর ভেঙ্কটেশের পিছনে এত টাকা ঢেলে দেওয়ার সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এবং ট্রলের মুখে পড়তে হচ্ছে কলকাতাকে। উল্লেখ্য, এদিন নিলামে একাধিক ক্রিকেটারের জন্য বিড করেছে কলকাতা। কিন্তু টাকার অঙ্কের কথা ভেবে পিছিয়ে আসতে হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছেন স্টার্ক, তেমনই রয়েছেন শামি, হ্যাজলউডের মত তারকা। তার মধ্যে এই ভেঙ্কটেশের পিছনে ২৩.৭৫ কোটি টাকা খরচ করায় ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকরা।
















