আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেছেন, বেঙ্গল টি-টোয়েন্টি লিগ রাজ্যের মহিলা ক্রিকেটারদের জন্য এখন একটি বড় মঞ্চ হয়ে উঠেছে। 

বেঙ্গল টি-টোয়েন্টি লিগের মহিলা ক্রিকেটারদের নিলামের ফাঁকে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন এই পেসার এবং বাংলার ক্রিকেট আইকন জানান, এই প্রতিযোগিতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের সামনে নতুন সুযোগ তৈরি করছে। 

বর্তমানে তিনি সিএবি-র মহিলা ক্রিকেট বিভাগের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি বেঙ্গল টি-টোয়েন্টি লিগের তৃতীয় মরসুমের জন্য প্রথমবারের মতো প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়। সেখানে পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে এক হাজারেরও বেশি ক্রিকেটারের মধ্যে থেকে দল গঠন করে ফ্র্যাঞ্চাইজিগুলি। 

পুরুষদের বিভাগে সর্বোচ্চ দর ওঠে শাহবাজ আহেমেদের।  তাঁকে ১২.২০ লক্ষ টাকায় দলে নেয় একটি ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে মহিলা বিভাগে সর্বোচ্চ ৩ লক্ষ টাকায় বিক্রি হন মিতা পল। 
মহিলা ক্রিকেটের প্রসারে সিএবি-র ভূমিকাকে কৃতিত্ব দিয়ে ঝুলন বলেন, ''আমি যখন বাংলার হয়ে খেলতাম, তখন মাত্র ৬০-৭০ জন মেয়ে ক্রিকেট খেলত। এখন বেঙ্গল টি-টোয়েন্টি লিগে ৫০০-রও বেশি মেয়ে নথিভুক্ত হয়েছে।'' 

তাঁর মতে, এই লিগ তরুণ ক্রিকেটারদের পেশাদার পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার বড় সুযোগ দিচ্ছে।

ঝুলনের কথায়, ''চাপ থাকবে, নার্ভাসনেস থাকবে, সোশ্যাল মিডিয়ার নজর থাকবে, ক্যামেরা থাকবে। অনেকেই আগে এসবের মুখোমুখি হয়নি। আশা করি, ওরা সবকিছু সামলে ভালো পারফর্ম করবে।''

আধুনিক ক্রিকেটে মানসিক দৃঢ়তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বও তুলে ধরেন তিনি। ঝুলন বলেন, ''ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিসিশন মেকিং। কঠিন পরিস্থিতিতে পরিষ্কার মানসিকতা এবং পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি। আমি সবসময়ে সেই ক্রিকেটারদের পছন্দ করি, যারা চাপের মধ্যে থেকেও নিজের পরিকল্পনা পরিষ্কার রাখতে পারে। ইন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ।''
এছাড়াও বাংলার তারকা ক্রিকেটার রিচা ঘোষ, তিতাস সাধু এবং সইকা ইশাকের সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে বলেও জানান তিনি। ঝুলনের মতে, ''যখন ছোট মেয়েরা নিজেদের রোল মডেলদের সামনে থেকে অনুশীলন ও খেলতে দেখে, তখন তাদের মধ্যেও বিশ্বাস জন্মায় যে একদিন তারাও বাংলা এবং ভারতের হয়ে খেলতে পারবে।''

ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা বেঙ্গল টি-টোয়েন্টি লিগ এখন রাজ্যের তরুণ ক্রিকেটারদের জন্য অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে উঠে আসছে। সংগঠিত প্রতিযোগিতা, বাড়তি প্রচার এবং মহিলা প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত স্কাউট ও ফ্র্যাঞ্চাইজিগুলির নজর এই টুর্নামেন্টকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।