আজকাল ওয়েবডেস্ক: কার্লো অ্যানচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে নেইমারকে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করবে তাঁর ফিটনেস ও বর্তমান পারফরম্যান্সের উপর। আবেগ, জনপ্রিয়তা বা বাইরের চাপ কোনও কিছুকেই গুরুত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।
সোমবার ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা করবেন আনচেলোত্তি। তার আগেই দেশজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমারের ভবিষ্যৎ। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ৩৪ বছর বয়সী তারকা সাম্প্রতিক বছরগুলোতে একাধিক চোটে ভুগেছেন। স্যান্টোসে ফেরার পরও তাঁর পারফরম্যান্স কখনও উপরে, কখনও নীচে ছিল। ফলে জাতীয় দলে তাঁর জায়গা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এক সাক্ষাৎকারে অ্যানচেলোত্তি বলেন,
''দল নির্বাচন করতে গেলে অনেক বিষয় বিবেচনা করতে হয়। নেইমার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। ওর অসাধারণ প্রতিভা সবাই জানে। কিন্তু নেইমারের কিছু শারীরিক সমস্যা ছিল এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে।''
তিনি আরও বলেন, ''সাম্প্রতিক সময়ে নেইমারের উন্নতি হয়েছে। নিয়মিত খেলছে এবং ফিটনেসও অনেক ভাল হয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। সব দিক বিচার করেই সিদ্ধান্ত নিতে হবে।''
রিও ডি জেনেইরোয় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে বসে অ্যানচেলোত্তি জানান, নেইমারকে ঘিরে দেশের ভিতরে যেমন আবেগ রয়েছে, তেমনই দলের ফুটবলারদের মধ্যেও তাঁর প্রতি সমর্থন প্রবল।
অ্যানচেলোত্তি বলেন, ''আমি জানি নেইমারকে শুধু সমর্থকরাই নয়, সতীর্থরাও খুব ভালবাসে। ড্রেসিংরুমে ওকে নিয়ে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। দলের পরিবেশ খুবই ইতিবাচক।''
তবে বাইরের আলোচনা বা মিডিয়ার চাপ তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলেও মন্তব্য করেন ব্রাজিল কোচ।
বিশ্বকাপে তিনি যে ধরনের গতিশীল ও পরিশ্রমনির্ভর ফুটবল খেলাতে চান, সেখানে ফরোয়ার্ডদের নিয়মিত প্রেসিং ও রক্ষণে সাহায্য করার সক্ষমতা প্রয়োজন বলে জানান অ্যানচেলোত্তি। সেই জায়গাতেই নেইমারকে নিয়ে তাঁর মূল ভাবনা।
তবে সাম্প্রতিক পারফরম্যান্সে নেইমার যে উন্নতির ইঙ্গিত দিয়েছেন, সেটাও স্বীকার করেছেন অভিজ্ঞ এই ইতালীয় কোচ।
অ্যানচেলোত্তি বলেন, ''সাম্প্রতিক ম্যাচগুলোতে নেইমারের ফিটনেস অনেক উন্নত হয়েছে। কয়েকটি ম্যাচে খুবই ভাল খেলেছে এবং ম্যাচের উচ্চ গতি ধরে রাখার ক্ষমতাও দেখিয়েছে। তবে সব ম্যাচ এক রকম হয় না।''
শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত যে একমাত্র তাঁরই, সেটাও স্পষ্ট করে দিয়েছেন অ্যানচেলোত্তি।
তাঁর কথায়, ''নেইমারকে দলে নেওয়ার জন্য আমাকে কেউ চাপ দেয়নি। আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সিদ্ধান্ত পুরোপুরি পেশাদার দৃষ্টিভঙ্গি থেকেই নেওয়া হবে। একজন ফুটবলার হিসেবে নেইমার কেমন খেলছে, সেটাই একমাত্র বিবেচ্য।''















